তামিমের ভাবনায় পারফরম্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সহ-অধিনায়কত্বের এই সংক্ষিপ্ত সময়টুকুতে কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়বে আপনার?’এতক্ষণ চটপট উত্তর দিচ্ছিলেন। এবার একটু ভাবনায় পড়ে গেলেন তামিম ইকবাল। বেশ কিছুক্ষণ ভেবে হাসতে হাসতে উত্তর দিলেন, ‘নামটা বড় সুন্দর লাগত আমার!’গত কিছুদিনে দেশের আলোচিত ক্রিকেট চরিত্রগুলোর প্রায় সবাই নিজেদের অভিমত জানিয়েছেন। জানা গেছে শফিকুর রহমান মুন্না, হাবিবুল বাশার, সাকিব আল হাসানদের প্রতিক্রিয়া। কাল পাওয়া গেল তামিমকেও। তাঁর মনের মধ্যে ঝড় চলছিল কি না, কে জানে। বাইরে সেটির প্রকাশ অন্তত নেই। জানালেন সহ-অধিনায়কত্ব চলে গেছে বলে ভাবছেন না। একটা আক্ষেপ অবশ্য আছে, ‘বেশি কিছু বলতে চাই না। শুধু একটা ব্যাপার, যদি একবার শুধু আমার সঙ্গে আলোচনা করা হতো, তাহলে আরেকটু ভালো হতো। তার পরও আমি সব সময় বলেছি, এখনো বলছি আমার কোনো অভিযোগ নেই।’তামিম জোর দিয়ে বললেন, নিজের কাছে পারফরমার পরিচয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘সহ-অধিনায়কত্ব আমি চেয়ে নিইনি, নিজে থেকে দিয়েও দিইনি। দুটোই বোর্ডের সিদ্ধান্ত এবং আমি সেটাকে শ্রদ্ধা করি। যত দিন আমি বাংলাদেশের হয়ে খেলতে পারব, পারফর্ম করতে পারব, তত দিন আমি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। অন্যকিছু নিয়ে ভাবার কিছু নেই। আমি যদি ভালো খেলি, বোর্ড যদি মনে করে আমিই উপযুক্ত ব্যক্তি, তাহলে এটা আবার ফিরে আসবে। এ মুহূর্তে বোর্ড ভেবেছে, সহ-অধিনায়ক হওয়ার জন্য আমি উপযুক্ত নই। আই অ্যাম ফাইন উইথ ইট।’ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় সহ-অধিনায়কত্ব বেশ বড় ব্যাপার। ভবিষ্য ৎ অধিনায়ক ধরে নিয়ে অনেক ভেবেচিন্তেই সহ-অধিনায়কত্ব দেওয়া হয়। উপমহাদেশের ক্রিকেট ইতিহাস বলছে, বেশির ভাগ সময় সহ-অধিনায়ক করা হয় স্রেফ কাউকে করতে হয় বলেই। এই অঞ্চলে কাউকে সহ-অধিনায়ক করা বা কেড়ে নেওয়া তাই খুব বড় কোনো খবর নয়। তামিমের ব্যাপারটা আলোচিত পরিস্থিতির কারণে। অধিনায়ক, সহ-অধিনায়ককে একসঙ্গে অব্যাহতি দেওয়ার পেছনে যে কারণগুলো দেখানো হয়েছে, সে কারণে।তবে তামিমের এই কারণ জানার আগ্রহও নেই, ‘কী কারণ, সেসব নিয়ে আমি চিন্তিত নই, ভাবনাও নেই। যদি ব্যাপারটা নিয়ে খুব ভাবতাম বা কষ্ট পেতাম, তাহলে হয়তো কারণ জানার চেষ্টা করতাম। ব্যাপারটা তো আমার হাতে নেই। বিশ্বের সব দলেই অধিনায়ক, সহ-অধিনায়ক ঠিক করে বোর্ড। আমি শুধু বলতে পারি, নতুন অধিনায়ক, সহ-অধিনায়কের প্রতি আমার দিক থেকে প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতা থাকবে।’কষ্ট যে একেবারেই পাননি, তা নয়। তবে সহ-অধিনায়কত্ব চলে যাওয়ায় নয়, কোচের সঙ্গে বাজে আচরণ করায় তাঁর জরিমানা হচ্ছে—এ খবর শুনে। তবে আগের দিন স্টুয়ার্ট ল তাঁদের ‘নির্দোষ’ ঘোষণা করায় নতুন করে কিছু বলেননি তামিম, ‘খুব শকড হয়েছিলাম কথাটা শুনে। তবে আমার ধারণা, উত্তরটা আপনারা পেয়ে গেছেন।’ জিম্বাবুয়ে সফরে ভিটরিকে ‘অর্ডিনারি’ বলার প্রসঙ্গটাও উঠেছিল। তবে অতি চর্বিত সেই অধ্যায়ের দিকে ফিরে তাকাতে চান না তামিম। সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ভাবতে চান রামপল-এডওয়ার্ডসদের নিয়ে।দায়িত্ব চলে যাওয়ায় অনেক সময় ভারমুক্ত মনে হয়। তবে সহ-অধিনায়কত্বটাকে যেহেতু বড় কিছু মনে করেননি, স্বস্তির সান্ত্বনার আড়ালেও তাই লুকাতে চান না তামিম, ‘সহ-অধিনায়কত্ব ছিল একটা সম্মান। স্বস্তি বা চাপের এমন কিছু নেই। অধিনায়ক হওয়াটা অন্য ব্যাপার। সহ-অধিনায়কের মাঠে বেশি কাজ থাকে না। একটু থাকে মাঠের বাইরে। আমি মনে করি, সেটুকু আমি ভালোভাবেই পালন করেছি।’কিন্তু বোর্ড তো সেটা মনে করেনি! করেনি বলেই সমাদরে তুলে দেওয়া দায়িত্ব কেড়ে নিয়েছে দৃষ্টিকটুভাবে। সাকিব-তামিমকে ‘বলির পাঁঠা’ করে বোর্ড কর্তারা নিজেদের ব্যর্থতা আড়াল করছেন কি না, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই এড়িয়ে গেলেন তামিম। তাঁর কাছ থেকে উত্তর আশা করাটাও অন্যায়।