তামিমের মঞ্চে ভিটরির উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজটার নাম এখনো ‘তামিম বনাম ভিটরি’-ই। এই দ্বৈরথের ফলাফলেই যে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রতীকী প্রকাশ। দুই ম্যাচে তামিম ইকবালের রান ৪ ও ৩। ব্রায়ান ভিটরির পাঁচ-পাঁচ ১০ উইকেট। দুই ম্যাচেই তামিম জিম্বাবুইয়ান বাঁহাতি এই পেসারের শিকার।কালকের ম্যাচটি তামিম ইকবালের জন্য আর দশটি ম্যাচের মতো ছিল না। তাঁর শততম ওয়ানডে। এর আগে বাংলাদেশের মাত্র সাতজন ক্রিকেটার ছুঁয়েছেন যে মাইলফলক। এমন একটা স্মরণীয় উপলক্ষ আরও স্মরণীয় করে রাখতে কে না চায়! অথচ তামিমের জন্য সাজানো মঞ্চে প্রলয়নৃত্যে নেচে উঠলেন ভিটরি। ড্রেসিংরুমে বসে তামিম দেখলেন, ‘অর্ডিনারি’ ব্রায়ান ভিটরি কেমন হাসতে হাসতে ইতিহাসে ঢুকে গেলেন!প্রথম ম্যাচে ৩০ রানে ৫ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে ২০ রানে ৫। ওয়ানডে ইতিহাসে এই প্রথম কারও প্রথম দুই ম্যাচেই ৫টি করে উইকেট। এর আগে প্রথম দুই ম্যাচে কোনো বোলারের সেরা অর্জন ছিল ৮ উইকেট। তালিকায় ছিলেন ছয়জন। ভিটরি নবম উইকেটটি নেওয়ার পর পাবলিক অ্যানাউন্স সিস্টেমে ঘোষিত হলো এই কীর্তি। টুপি খুলে দর্শকদের করতালিতে সাড়া দিলেন ভিটরি। ব্রায়ান ‘অর্ডিনারি’ ভিটরি!প্রতিপক্ষকে তাচ্ছিল্য করার ঔদ্ধত্য থেকেই বলে থাকুন বা তাঁর দাবি অনুযায়ী মনস্তাত্ত্বিক খেলার অংশ হিসেবে, তামিম ইকবালের ‘অর্ডিনারি’ মন্তব্যটা এই সিরিজে সবচেয়ে আলোচিত শব্দ। গ্যালারিতে দর্শকের মতো প্রেসবক্সেও টেস্টের চেয়ে ওয়ানডেতে জিম্বাবুইয়ানদের ভিড় বেড়েছে। শোনা ভাষায় তাঁদের আলাপচারিতায় ‘অর্ডিনারি’ শব্দটা ইংরেজিতেই উচ্চারিত হচ্ছে বলে আলোচনার বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে না। বাংলাদেশের সাংবাদিকদের টিপ্পনীও শুনতে হচ্ছে মাঝেমধ্যেই। তামিম ইকবাল কি কল্পনাও করেছিলেন, ওই ‘অর্ডিনারি’ মন্তব্যটা এমন বুমেরাংয়ের মতো ফিরে এসে তাঁকেই বিঁধবে?গত পরশু ব্রায়ান ভিটরির সাক্ষাৎকার নিতে গিয়ে চমকে দেওয়া অভিজ্ঞতাই হলো। তরুণ ফাস্ট বোলার, পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার পর কোথায় তামিমের ইটের জবাব পাটকেলে দেবেন, উল্টো কথা শুনে মনে হলো তামিম ইকবালের একনিষ্ঠ ভক্ত! যা বলার বোলিংয়েই বলবেন বলে যে ঠিক করে রেখেছেন।বাকি সবাইকে ছাপিয়ে বারবার তামিম আসছেন তাঁর ওই মন্তব্যের কারণেই। নইলে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্যিকার টিমওয়ার্ক! কেহ কারে নাহি জিনে সমানে সমান! প্রথম ম্যাচে ৪৩ রানে ৫ উইকেট পড়েছিল। দ্বিতীয় ম্যাচে সেটিকেও ছাড়িয়ে ৫৮ রানে পড়ল ৬ উইকেট।তামিম ৩, ইমরুল ৮, আশরাফুল ৬, নাফীস ১৪, মাহমুদউল্লাহ ৩—সম্মিলিতভাবে সব ব্যাটসম্যানের এমন একসঙ্গে ব্যাটিং ভুলে যাওয়া একটা রহস্যই বটে। প্রথম ম্যাচে ৫৯ রান করেছিলেন বলে মুশফিকুরকে এই দলের বাইরে রাখতে হচ্ছে। তবে কাল তিনিও শামিল ব্যর্থতার মিছিলে। তিন নম্বরে নেমে মাত্র ১২ রান।আউটগুলোও কী অদ্ভুত! বোলাররা যত না উইকেট নিলেন, ব্যাটসম্যানরা তার চেয়ে বেশি তা উপহার দিয়ে এলেন। তামিম ভিটরির অফ স্টাম্পের বাইরের বলে চালিয়ে স্লিপে ক্যাচ। মুশফিকুর পুল করতে গিয়ে স্কয়ার লেগের হাতে। মিড অফ ফিল্ডারকে যেন নড়তে না হয়, তা নিশ্চিত করে ইমরুলের ড্রাইভ। প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া নাফীসও এক্সস্ট্রা কাভার ফিল্ডারকে একটুও কষ্ট দিলেন না। খোলসবন্দী আশরাফুল খোলস থেকে বেরোতে গিয়ে কট বিহাইন্ড। হারারে স্পোর্টস ক্লাবে যেন সফট ডিসমিসালের প্রামাণ্যচিত্রের প্রদর্শনী!প্রেসবক্স থেকেই ছবি তুলছেন এপির জিম্বাবুইয়ান আলোকচিত্রী। একটু পরপরই বাংলাদেশের ব্যাটসম্যানদের পরিচয় জানতে শরণাপন্ন হচ্ছেন বাংলাদেশি সাংবাদিকদের। এত দিনে কি তাঁর নিজেরই চিনে ফেলা উচিত ছিল না? একটা হাসি দিয়ে ওই আলোকচিত্রী বললেন, ‘কীভাবে চিনব! চেনার মতো যথেষ্ট সময় কি উইকেটে থাকছে তোমাদের ব্যাটসম্যানরা?’প্রেসবক্সে প্রতিপক্ষ দুই দেশের সাংবাদিকদের মধ্যে এমন খোঁচাখুঁচি হয়ই। তবে এটাকে ‘খোঁচা’র বদলে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে নির্মোহ বিশ্লেষণ বলে মনে হলো। ধুঁকতে থাকা বাংলাদেশের ইনিংস যে ১৮৮ পর্যন্ত যেতে পারল, সেটি ৫৩ ও ৬৫ রানের দুটি জুটির কল্যাণে। সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাকের সঙ্গে দুটি জুটিরই অংশীদার এই ম্যাচে অভিষিক্ত নাসির হোসেন। ব্যাটিংকে পৃথিবীর দুরূহতম কাজ বানিয়ে ফেলা টপ-অর্ডার ব্যাটসম্যানদের নাসির বুঝিয়ে দিলেন, একটু চিন্তাভাবনার প্রয়োগ থাকলে জিম্বাবুয়ের এই বোলিং মোটেই এমন কোনো হাতিঘোড়া নয়।প্রথম স্পেলে দুই ওপেনারকে ফিরিয়েছিলেন ভিটরি। পরের দুই স্পেলে যে তিনজন একটু রুখে দাঁড়িয়েছিলেন, সেই তিনজনকেও। দ্বিতীয় স্পেলে ফিরেই থামিয়ে দিলেন সাকিবকে। তৃতীয় স্পেলে তুলে নিলেন নাসির ও রাজ্জাককেও।দলের অবস্থা এমন শোচনীয় না হলে কাল নাসিরের পারফরম্যান্সটা উদ্যাপনের উপলক্ষ হতে পারত। বছর পাঁচেক আগে এই মাঠেই ফরহাদ রেজা ওয়ানডে অভিষেকে ৫০ করেছিলেন। তাঁকে ছাড়িয়ে নাসিরের ৬৩ অভিষেকে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান।তার পরও নাসিরের মুখে হাসি ফুটল না। ফুটতে দিলেন না দলের ‘তারকা’ ব্যাটসম্যানরা!