তামিমের যেখানে তৃপ্তি
‘আফসোস...ঠিক নয়’—আবারও ডাবল সেঞ্চুরি মিস করার অনুভূতি বলতে গিয়ে যেন ধন্দে পড়ে গেলেন তামিম ইকবাল। একটু সামলে উঠে বললেন, ‘আবারও এত কাছে গিয়ে ডাবল না পাওয়ার আফসোস তো হবেই। তবে যেভাবে আউট হলাম (ছয় মারতে গিয়ে লং অফে ক্যাচ), তারপর মনে হয়েছে এটাই আমার শাস্তি। কেন ওই মুহূর্তে ছক্কা মারতে গেলাম! আসলে ছয় মারার নেশা ধরে গিয়েছিল, একটা শিক্ষাও হয়ে গেল!’শিক্ষা বা উপলব্ধি যা-ই বলুন, জাতীয় লিগ থেকে এটাই তামিমের সবচেয়ে বড় প্রাপ্তি। পাঁচ বছর পর জাতীয় লিগে খেলতে নেমেই টানা তিন ইনিংসে সেঞ্চুরির তৃপ্তি আছে, আছে দু-দুবার অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিসের আক্ষেপ। তবে এই তৃপ্তি আর আক্ষেপের দোলাচল মনে খুব বেশি জায়গা পাচ্ছে না। কারণ তামিম দারুণ তৃপ্ত তাঁর ব্যাটিংয়ের ধরনে, ‘টানা তিনটি সেঞ্চুরি করেছি, ঠিক আছে। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমি যতটা ডিসিপ্লিনড ছিলাম, যেভাবে ইনিংস গড়ে তুলেছি। সেট হওয়ার পর উইকেট থ্রো করে আসিনি। ভালো ফর্মে থাকলে অনেক সময়ই সাহস বেশি বেড়ে যায়, উল্টাপাল্টা শট খেলার ইচ্ছা জাগে। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। বোলারকে প্রাপ্য সম্মান দিয়েছি, বাজে বলের ফায়দা তুলেছি। নিজের ব্যাটিংয়ে এই ডিসিপ্লিনটা আমি সব সময়ই আনতে চেয়েছি। এবার সেটা পেরেছি।’ডাবল সেঞ্চুরিটা আবার ফসকে গেছে, পারেননি আগের ম্যাচেই গড়া নিজের সর্বোচ্চ রানটাকে টপকে যেতে। প্রথম রাউন্ডে ঢাকা মহানগরের বিপক্ষে করেছিলেন ১৯২ ও অপরাজিত ১১৩। তবে তামিম নিজে এগিয়ে রাখছেন কালকের ইনিংসটাকেই, ‘আমার বা দলের রান দেখলে যেমন মনে হয়, উইকেট কিন্তু ততটা ভালো ছিল না। সকালে উইকেট খানিকটা ভেজা ছিল। বল বেশ মুভ করেছে, আবার থেমে এসেছে মাঝেমধ্যে। লাঞ্চের আগে অনেক স্ট্রাগল করতে হয়েছে, আমাদের ৪ উইকেট পড়েছিল দ্রুতই। ওই সময়টায় পার করেছি ভালোভাবে, পরে আর সমস্যা হয়নি।’সমস্যা যে হয়নি প্রমাণ তো স্কোরকার্ডই। সময়ের সঙ্গে সঙ্গে উত্তাল হয়েছে ব্যাট। ফিফটিতে ছয় ছিল একটি, সেঞ্চুরিতে ৩টি। পরের ৮৩ রানে মেরেছেন আরও ৯টি ছয়! এক ডজন ছক্কা এই প্রথম নয়, ২০০৭ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ওল্ড ডিওএইচএসের হয়ে পারটেক্সের বিপক্ষে ১৮৮ রানের ইনিংসে ১২টি ছয় মেরেছিলেন। তামিমের সেটা মনেও আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রত্যাশা বেড়ে যাচ্ছে বলতেই সতর্ক বাঁহাতি ওপেনার, ‘দেখা যাক, আশা করি ভালো করব।’