তামিমের লর্ডস-জয়
আবহাওয়ার পূর্বাভাস ছিল, কাল রোদ থাকবে। কিন্তু সেই রোদে যে লর্ডসের সঙ্গে বাংলাদেশও হাসবে, সে পূর্বাভাস কি ছিল? প্রথম ইনিংসের এলোমেলো ব্যাটিং তো বরং আশঙ্কা জাগাচ্ছিল, ফলোঅনে পড়ে টেস্টটা না চতুর্থ দিনেই শেষ হয়ে যায়!প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়ে বাংলাদেশ ফলোঅনে পড়েছে, তবে দ্বিতীয় ইনিংসে স্বপ্নের মতো ব্যাটিং বাকি শঙ্কাকে প্রমাণিত করেছে ভুল। লর্ডস টেস্টের চতুর্থ দিনে সব আলোই বাংলাদেশের ওপর। আরও নির্দিষ্ট করে বললে, লর্ডসে এদিনের নায়ক তামিম ইকবাল। ব্রিটিশ মিডিয়ার ব্যঙ্গের হাসি অনূদিত হয়েছে হাততালিতে। লর্ডসের গ্যালারিতে আলোর নাচন নেচেছে লাল-সবুজ পতাকা। সকালে মাত্র ১১ ওভার ৫ বলেই প্রথম ইনিংসের আনুষ্ঠানিকতা শেষ হলেও ফলোঅন করতে নেমে বাংলাদেশ দেখা দিল নতুন রূপে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে দ্বিতীয় ইনিংসের স্কোর ৫ উইকেটে ৩২৮ রান। টেস্টটা শুধু শেষ দিনে যাচ্ছেই না, পঞ্চম দিনটা হতে পারে আরও স্বপ্নময়। ইনিংস পরাজয় এড়িয়ে ততক্ষণে ১০৫ রানের লিডও যে হয়ে গেছে!এমনিতে তামিম-ইমরুল কায়েসের ওপেনিং জুটি মানে তামিমের খরগোশের মতো দৌড়ানো আর ইমরুলের কচ্ছপের গতিতে আগানো হলেও কাল শুরুতে তামিমই পিছিয়ে থাকলেন। ইমরুলের রান যখন ৪৮, তাঁর ৩৭! ব্যাপারটা যেন তামিমেরও পছন্দ হচ্ছিল না। এর পরই স্টিভেন ফিনের বলে পর পর তিন বাউন্ডারি মেরে ইমরুলকে ছাড়িয়ে যাওয়া তামিম পেছনে পড়েননি আর একবারও। ওই ওভারেই ৪৯ বলে ফিফটি করার পর গ্রায়েম সোয়ানের পরের ওভারে মিড উইকেট আর ডিপ স্কয়ার লেগ দিয়ে দুই ছক্কাসহ তুলে নিলেন ১৭ রান। টেস্ট নয়, যেন টি-টোয়েন্টি দেখছিল লর্ডস! গ্যালারিতে লাল-সবুজ আভরণে নেচে উঠলেন প্রবাসী বাংলাদেশিরা, এমসিসির ক্রিকেট-বোদ্ধা দু-একজন প্রবীণ সদস্যকেও দেখা গেল মাথার হ্যাট খুলে শূন্যে নাড়াচ্ছেন।ফিনের বলে ডিপ ফাইন লেগে ট্রটের ক্যাচ হওয়ার আগ পর্যন্ত এই খেলাটাই খেলে গেলেন তামিম, ইনিংস শেষে যেটাকে তিনি বললেন নিজের খেলা, ‘আমি যে রকম ও রকমই খেলব। পরের টেস্টে হয়তো এভাবে খেলতে গিয়ে প্রথম বলেই আউট হয়ে যাব। তাতে আমার কোনো দুঃখ থাকবে না। কারণ আমি জানি, রান করলে এভাবে ব্যাটিং করেই করব। আমি জাতীয় দলে এসেছিও তো এই ব্যাটিংয়ের জন্যই!’ তামিমের কথাই হয়তো ঠিক। ১৫টি চার আর ওই দুটি ছক্কায় ৯৪ বলে ১০০ রান করে বাংলাদেশের পক্ষে দ্রুততম টেস্ট সেঞ্চুরিটা তো নিজের খেলা খেলেই করলেন এই ওপেনার!দ্বিতীয় ইনিংসে প্রথম ইনিংসের ব্যাটিং-গ্লানি ভুলিয়ে দেওয়ার কৃতিত্ব দিতে হবে ইমরুল কায়েসকে। সেঞ্চুরি না পেলেও তামিমের সঙ্গে ১৮৫ রানের ওপেনিং জুটিতে টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটিটা তিনি করলেন লর্ডসে। যেকোনো দলের বিপক্ষে ওপেনিংয়ে এটাই সর্বোচ্চ জুটি বাংলাদেশের। ২০০৮ সালের জানুয়ারিতে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সর্বোচ্চ ১৬১ রানের জুটিতেও ছিলেন তামিম, সেবার সঙ্গী ছিলেন জুনায়েদ সিদ্দিক।তামিমের সঙ্গী হতে না পারলেও সেই জুনায়েদ এবার লর্ডসেও দুর্বার। ১৮৯ রানে দ্বিতীয় উইকেট হিসেবে ইমরুল কায়েসের বিদায়ের পর জহুরুল ইসলামে সঙ্গে নিয়ে গড়েছেন ঠিক ১০০ রানের জুটি। ট্রটের বলে ফিরতি ক্যাচ দিয়ে জহুরুল ৪ রানের জন্য ফিফটির দেখা না পেলেও ব্যাক টু ব্যাক ফিফটি করে জুনায়েদ দিনশেষে ৬৬ রানে অপরাজিত আছেন সাকিব আল হাসানের সঙ্গী হয়ে। প্রথম ইনিংস অশোকা ডি সিলভার ভুল সিদ্ধান্তে এলবিডব্লু আশরাফুলকে দ্বিতীয় ইনিংসে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। কিন্তু অ্যান্ডারসনের লাফিয়ে ওঠা বলে কট বিহাইন্ড হয়ে যাওয়ায় লর্ডসে আর বড় ইনিংস খেলা হলো না তাঁর। এরপর নাইটওয়াচম্যান শাহাদাত হোসেনও ফিরে গেলে পঞ্চম দিনে ব্যাটিংয়ের জন্য হাতে থাকে ৫ উইকেট।এর আগে সকালে মাত্র ৪৫ রান যোগ করেই শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংসের আনুষ্ঠানিকতা। ইংল্যান্ডের প্রথম ইসিংসে করা ৫০৫ রান থেকে ২২৩ রান পিছিয়ে থেকে ২০০৮ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ফলোঅনও করতে হলো। ব্লুমফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্টের পর মাঝের সময়টাতে আর পরপর দুই ইনিংস ব্যাট করতে হয়নি বাংলাদেশকে।