২৭ ডিসেম্বর ২০১০, শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে বিকেএসপির বিপক্ষে অপরাজিত ১৩৫ রান করেছিলেন তামিম ইকবাল। কাল সেই চান্দু স্টেডিয়ামেই আবার সেঞ্চুরি পেলেন চট্টগ্রামের এই অধিনায়ক। ঢাকা মহানগরের বিপক্ষে খেললেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের সেরা ইনিংসটা। অবিশ্বাস্য হলেও সত্যি, মাঝের এক বছর ২৯৮ দিনে কোনো ধরনের ক্রিকেটেই কোনো সেঞ্চুরি করতে পারেননি তামিম। ওই সময়টায় টেস্ট (৫টি), ওয়ানডে (২৪), টি-টোয়েন্টি (৯), লিস্ট-এ (৪), অন্যন্য টি-টোয়েন্টি (১৭) ও ক্লাব ক্রিকেট মিলিয়ে মোট ৯১টি ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ওপেনার। এই ৯১ ম্যাচে ২৩ বার ফিফটি পেরোলেও সেঞ্চুরিটা অধরাই থেকে গিয়েছিল। সেঞ্চুরি খরা তো কেটেছেই, এখন হাতছানি প্রথম ডাবল সেঞ্চুরির। সব ধরনের ক্রিকেটে তামিমের আগের সর্বোচ্চ (১৮৮, ওল্ড ডিওএইচএস-পারটেক্স, ২০০৬-৭ ঢাকা লিগ) পেরোতে অবশ্য আর ১৩ রান হলেই হয়।