তামিমের সুসংবাদ, সাকিবের দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো-খারাপ দুই রকম খবরই এল ইংল্যান্ড থেকে। ভালো খবরটা হলো, হাতের ইনজুরিতে ভোগা তামিম ইকবালকে খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছেন ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক। আর খারাপ খবর, জলবসন্তে আক্রান্ত হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ড সফরে আপাতত বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা এটাই।সারের বিপক্ষে তিন দিনের ম্যাচ চলাকালীনই জ্বরে পড়েন সাকিব। এর পর গত পরশু চেমসফোর্ডে যাওয়ার পর জলবসন্তের লক্ষণ দেখা দেয় তাঁর শরীরে, কাল পর্যন্ত পুরো শরীরে ছড়িয়ে পড়েছে ফোস্কা। চেমসফোর্ড থেকে কাল টেলিফোনে সাকিবের জলবসন্তে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘এখানকার এক বাংলাদেশি ডাক্তার ওকে দেখে বলেছেন, পুরোপুরি সুস্থ হতে আরও ১০-১১ দিন লেগে যাবে। ভাগ্য খারাপ হলে বেশি সময়ও লাগতে পারে। এসেক্সের বিপক্ষে ম্যাচ এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে সে খেলতে পারবে না। প্রস্তুতি ম্যাচ কেন, সাকিবের জন্য হয়তো প্রথম টেস্টে খেলাটাও কঠিন হয়ে দাঁড়াবে। আমি তো খুব কমই সম্ভাবনা দেখছি।’ জালাল ইউনুস জানিয়েছেন, ইংল্যান্ড থেকে সাকিবের বদলি ভেবে রাখার বার্তাও দেওয়া হয়েছে ঢাকায়। তবে সাকিব যদি খেলতে নাও পারেন তবু তাঁকে দলের সঙ্গে রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান।প্রধান নির্বাচক রফিকুল আলম অবশ্য আশাবাদী, টেস্ট সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন সাকিব। সেজন্য আপাতত বদলির চিন্তাও করছেন না, ‘ইংল্যান্ডে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে যা মনে হয়েছে তাতে টেস্টের আগেই সুস্থ হয়ে যাওয়ার কথা সাকিবের। আর যদি রিপ্লেসমেন্ট পাঠাতেই হয়, তাহলে পাঠাব। আপাতত সেটা দরকার নেই বলেই মনে হচ্ছে।’বদলি হিসেবে কাউকে ইংল্যান্ড পাঠানোর কথা ভাবা হচ্ছিল তামিমের জন্যও। আশার কথা, বিশেষজ্ঞ চিকিৎসক খেলার ছাড়পত্র দিয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনারকে। তবে চিকিৎসকের পরামর্শ মেনে আজ থেকে শুরু প্র্যাকটিস ম্যাচে তামিমও খেলবেন না। ‘গতকাল (পরশু) তামিমের এক্স-রে করানো হয়েছে। এক্স-রে রিপোর্ট দেখে এখানকার ডাক্তার তাকে এসেক্সের বিপক্ষে ম্যাচটা বাদ দিয়ে পরের ম্যাচ থেকে খেলার পরামর্শ দিয়েছেন। তবে প্র্যাকটিস ম্যাচে হাতে বাড়তি প্রোটেকশন নিয়ে খেলতে বলা হয়েছে’—জানিয়েছেন জালাল ইউনুস। চিকিৎসকের ছাড়পত্রে বাড়তি সুরক্ষা দেওয়ার শর্ত থাকায় তামিমকে নিয়েও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না বাংলাদেশ শিবির। আর এসব দুশ্চিন্তা ২৭ মে থেকে শুরু সিরিজ নিয়েই উদ্বিগ্ন করে তুলেছে জালাল ইউনুসকে, ‘তামিমের এই অবস্থা, সাকিবও অসুস্থ হয়ে পড়ল। জুনায়েদ সিদ্দিক তো হাতের ব্যথা নিয়েই ঢাকা থেকে এল। সব মিলিয়ে দলের ফিটনেসের অবস্থা ভালো নয়।’ইনজুরি আর অসুস্থতার সঙ্গে ইংল্যান্ডের তীব্র ঠান্ডা আবহাওয়াও বাংলাদেশ দলের জন্য একটা সমস্যা। চেমসফোর্ডের গতকালের তাপমাত্রা ছিল মাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস। তবে সারেতে এর চেয়েও বেশি ঠান্ডার মধ্যে খেলে আসার পর এই তাপমাত্রা সহনীয়ই মনে হওয়ার কথা ক্রিকেটারদের কাছে। জালাল ইউনুসও বলেছেন সেটাই, ‘ঠান্ডা খুব বেশি। তবে আবহাওয়ার সঙ্গে মোটামুটি মানিয়ে নিয়েছে ছেলেরা। আর ঠান্ডাও আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে।’