তার পরও অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী ম্যাকগ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক বছর আগেও গ্লেন ম্যাকগ্রা, ম্যাথু হেইডেন, অ্যাডাম গিলক্রিস্ট, শেন ওয়ার্ন ও অ্যান্ড্রু সাইমন্ডসদের নিয়ে গড়া অস্ট্রেলিয়া দলের বিপর্যয়কর পরিস্থিতির কথা ভাবা যেত না। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানেই দৃশ্যপটটা কীভাবে যেন পাল্টে গেল। আধিপত্য বিস্তার দূরে থাক, এই খেলোয়াড়কুলের পরের প্রজন্ম একের পর এক বিপর্যয়ই উপহার দিয়ে চলেছে অসি সমর্থকদের। দূর অতীতেও এতটা নাজুক অবস্থায় অস্ট্রেলিয়া দলকে দেখা যায়নি। জয় যাদের অভ্যাসের ব্যাপার ছিল, সেই দলটি এখন একটি জয়ের জন্য রীতিমতো হা-হুতাশ করে চলেছে, ব্যাপারটি সাবেক অসি গ্রেটদের কাছেও দারুণ অস্বস্তিকর।অ্যাশেজে ২৪ বছর পর নিজ মাটিতে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হয়ে চলেছে অস্ট্রেলিয়া। দুই দশক পর এই প্রথমবারের মতো হোম-অ্যাওয়ে দুটো সিরিজ মিলিয়েই অ্যাশেজ অর্জন হয়নি অস্ট্রেলিয়ার। যদিও সিডনির শেষ টেস্টটা এখনো অস্ট্রেলিয়ার সিরিজ ড্রয়ের সম্ভাবনা হয়ে রয়েছে, কিন্তু একদা পরাক্রমশালী দলটির কাছে এমন পরিস্থিতি কখনোই প্রত্যাশিত নয়।সিডনিতে শেষ টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার স্বর্ণ সময়ের অন্যতম সেরা তারকা গ্লেন ম্যাকগ্রা অবশ্য পুরো ব্যাপারটিকে ক্রীড়াসুলভ মানসিকতা নিতে চান। দীর্ঘদিন ক্রিকেট বিশ্বের সেরা দলটির এমন নাজুক অবস্থার মাঝেও চিরকালীন ফাইটার ম্যাকগ্রা একদমই নিরাশাবাদী হতে চান না। তিনি মনে করেন, সাময়িক খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও অস্ট্রেলিয়া খুব তাড়াতাড়িই আবার গৌরবোজ্জ্বল সময়ে ফিরে যাবে।আজ শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সাম্প্রতিক পারফরমেন্স খুব হতাশাজনক। এতে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়ান ক্রিকেটে অ্যাশেজটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা কথা ভেবে আমার খুব অবাক লাগে, যখন ক্রিকেট জগতে আমাদের একক আধিপত্য ছিল, তখন অনেকেই বলত, এটা বিশ্ব ক্রিকেটের জন্য খুব খারাপ হচ্ছে। আবার এখন যখন আমরা কয়েকটা ম্যাচ হেরেছি, তখন সবাই আমাদের মুণ্ডুপাত করছে। এখানে তো উত্থান-পতন থাকবেই। খুব বেশিদিন আগের কথা নয়, যখন অস্ট্রেলিয়া টানা ১৩টা ম্যাচ জিতেছে। সুতরাং, আমার পূর্ণ আস্থা আছে, আমরা আবার সেই জয়ের ধারায় ফিরে যেতে পারব। আবারও আমরা শীর্ষস্থানে পৌঁছাব।’অস্ট্রেলিয়ার এ চরম বিপর্যয় সামাল দিতে লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে ফিরিয়ে আনার জন্য রীতিমতো হইচই পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ায়। ম্যাকগ্রার কাছেও সে রকম প্রস্তাব রেখেছিলেন সাংবাদিকেরা। তবে সে কথা হেসেই উড়িয়ে দিয়েছেন টেস্টে ৫৬৩টি উইকেটের মালিক অস্ট্রেলিয়ার এই পেসার। বলেছেন, এখন হয়তো তিনি তিন-চার ওভারের বেশি বলই করতে পারবেন না। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বোলিং কোচ হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল ম্যাকগ্রাকে। সেখানেও অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড আশানুরূপ সাড়া পাননি ম্যাকগ্রার কাছ থেকে। তবে সরাসরি কোচের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালেও যেকোনো সময় বোলারদের মানোন্নয়নের জন্য পরামর্শ-উপদেশ দিতে রাজি আছেন জানিয়ে তিনি বলেছেন, ‘অস্ট্রেলীয় বোলারদের পরামর্শ দিয়ে সাহায্য করতে পারলে আমি খুশিই হব। আর এই সিডনি টেস্টের পরই আমি তাদের সঙ্গে কথা বলব বলেও ঠিক করেছি। কিন্তু এ মুহূর্তে একটা আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না।’ রয়টার্স।