তার পরও আফ্রিদির সিনেমায় ভিড়
অবশেষে মুক্তি পেল বহুল আলোচিত পাকিস্তানি চলচ্চিত্র ম্যায় হুঁ শহীদ আফ্রিদি—আমিই শহীদ আফ্রিদি। আফ্রিদিকে নিয়ে নির্মিত ছবি দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়বে এটাই স্বাভাবিক। সেটা তো হয়েছেই, মুক্তির পরই ছবিটি পাকিস্তানে তুলেছে আলোচনার ঝড়। পাকিস্তানের আফগানিস্তান সীমান্তবর্তী রক্ষণশীল উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চল থেকে উঠে এসে আফ্রিদি ক্রিকেটার হিসেবে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। হয়েছেন পাকিস্তানের লাখো তরুণের স্বপ্নের নায়ক। এ রকমই এক তরুণের স্বপ্ন শহীদ আফ্রিদির মতো বিখ্যাত ক্রিকেটার হবেন। আফ্রিদি হওয়ার চেষ্টায় ওই তরুণ তাঁর মুখায়ব, চুলের স্টাইলেও স্বপ্নের নায়ককে অনুসরণ করেন। ওই তরুণকে নিয়েই নির্মিত হয় ১০ লাখ ডলারের ছবিটি।শিশু-কিশোরদের ইতিবাচক আনন্দের খোরাক জোগাবে, তরুণদের টেনে নিয়ে যাবে ক্রিকেটের দিকে—এমনটা ভেবেই ছবিটি করার অনুমতি দিয়েছিলেন আফ্রিদি। আগাম সাফল্যও কামনা করেছিলেন। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত তাঁর মনমতো হয়নি। ট্রেলারে কিছু আপত্তিকর দৃশ্য দেখে গত সপ্তাহেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আফ্রিদি। একটা দৃশ্য এ রকম—নৈশক্লাবে এক মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন নায়ক। আফ্রিদির ভয় ছিল, এটা তাঁর ভাবমূর্তি নষ্ট করবে। আফ্রিদির আপত্তি একটা ‘আইটেম গান’ নিয়েও। তা সত্ত্বেও গত শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। আইটেম গানে নেচেছেন পাকিস্তানের অভিনেত্রী মাথিরা খান। সাংবাদিকদের মাথিরা বলেছেন, ‘ছবিটিতে আইটেম গানটির দরকার ছিল। কিন্তু এ নিয়ে আফ্রিদি যদি আপত্তি করে থাকেন, সেটি তাঁর মনের ব্যাপার।’দর্শকদের প্রতিক্রিয়া আবার মিশ্র। লিয়াকত খান নামের ২৭ বছর বয়সী এক দোকানি যেমন ছবিটি দেখে বলেছেন, ‘আমি ছবিতে অশ্লীলতা বা আপত্তিকর কিছু দেখিনি। আমরা যদি আমাদের দেশের সিনেমা হলে অশ্লীলতায় ভরা ভারতীয় সিনেমা দেখতে পারি, তা হলে এটি কেন দেখতে পারব না।’ সামিনা আলী নামে মাঝবয়সী এক গৃহিণীর মূল্যায়নটা আবার অন্য রকম, ‘আফ্রিদির পাঁড় ভক্ত আমার সন্তানদের পীড়াপীড়িতে তাদের নিয়ে এসেছিলাম। কিন্তু এই ছবি বাচ্চাদের নিয়ে দেখা যায় না।’ তবে সবকিছু ছাপিয়ে বেশি আলোচনা হচ্ছে ছবিটির ব্যবসায়িক সাফল্য নিয়ে। মুক্তির পরই দর্শকেরা যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, তাতে সৈয়দ আলী রাজা (উসমান) পরিচালিত ‘আমিই শহীদ আফ্রিদি’ পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি হিসেবে স্থান করে নেয় কি না, সেটাই এখন দেখার! এএফপি।