তার পরও আশার গান
অনুশীলন শেষ। হাতে জুসের বোতল নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাদামাঠ ছাড়ছিলেন পাকিস্তান ডিফেন্ডার আতিফ বশির। পাশে দাঁড়ানো কোচ তারিক লুৎফিকে হেসে বললেন, ‘কোচ, এখানে এসে মনে হচ্ছে হোম গ্রাউন্ডেই আছি।’ অথচ বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের পক্ষে শুধু এই ‘হোম গ্রাউন্ডের’ সুবিধাটাই।পরিসংখ্যানে দুই দলই সমানে-সমান (১২ ম্যাচে ৫ জয়, ২ ড্র)। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১৬৩) পাকিস্তানের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে। তার পরও ঢাকায় এসেই পাকিস্তান কোচ হুংকার দিয়েছেন, না জিতলে দায়িত্বই ছেড়ে দেবেন। বাংলাদেশ কেমন অপ্রস্তুতভাবে খেলতে নামছে এই ম্যাচে, এটি যে জেনেই এসেছেন। পাকিস্তান এক মাস ধরে তৈরি হচ্ছে। আর বাংলাদেশ দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র চার দিন। নতুন কোচ এখনো খেলোয়াড়দের ঠিকমতো চিনেই উঠতে পারেননি। আমিনুল ও রজনীর হঠাৎ অবসরও একটা বড় ধাক্কা। সেই সঙ্গে ছয় মাসের লম্বা এক লিগ শেষ করে খেলোয়াড়েরা ক্লান্ত, বিধ্বস্ত। এমন একটি দল নিয়ে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারবেন সপ্তাহখানেক আগে দায়িত্ব নেওয়া নিকোলা ইলিয়েভস্কি? আশার কথা শোনাতে হয় বলেই যেন তা শোনালেন এই মেসিডোনিয়ান, ‘আমি মনে করি, ছেলেরা তাদের নিজেদের দেশের জন্য খেলবে। সবটুকু উজাড় করে দিয়ে খেলবে।’মনে যা-ই থাক, মুখে বাংলাদেশের খেলোয়াড়দেরও আশার গান। মিডফিল্ডার মামুনুল ইসলাম বললেন, ‘আমাদের প্রথম সুবিধা হলো নিজেদের মাঠ।’ মাত্রই লম্বা একটা লিগ শেষ করার ক্লান্তি ভোগাতে পারে বলে আশঙ্কা তাঁর। যেটিকে আবার সুবিধা হিসেবেই দেখতে চান নতুন অধিনায়ক বিপ্লব, ‘সবাই একসঙ্গে অনুশীলন করতে পারিনি সত্যি। কিন্তু সবাই খেলার মধ্যে ছিলাম। এটা ইতিবাচক দিক।’আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের অপেক্ষায় থাকা ফরাশগঞ্জ স্ট্রাইকার সোহেল রানা নিজেকে শাণিত করছেন প্রতিজ্ঞায়, ‘সুযোগ পেলে প্রথম ম্যাচটা স্মরণীয় করে রাখতে চাই।’ শেখ জামালের মিডফিল্ডার জাহিদ হোসেনের মনে জেদ, ‘লিগে বেশির ভাগ সময় সাইড বেঞ্চে কাটিয়েছি। সুযোগ পেলে দেখিয়ে দিতে চাই, আমি সাইড বেঞ্চের খেলোয়াড় নই।’পাকিস্তান দলে আছেন পাকিস্তানি বংশোদ্ভূত চার ‘বিদেশি’—ফরোয়ার্ড আদনান ফারুক, ডিফেন্ডার আতিফ বশির ও জিসান রহমান এবং মিডফিল্ডার আহমেদ আকবর খান। কিন্তু ডেনমার্ক থেকে উড়ে আসা জামাল ভূঁইয়া পাসপোর্ট সমস্যায় খেলতে পারছেন না লাল-সবুজের জার্সি পরে। দলের সঙ্গে অনুশীলনে মুখটা সম্ভবত এ কারণেই গোমড়া। ৩ জুলাই লাহোরে ফিরতি পর্বেও তাঁকে খেলানোর ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারলেন না বাফুফের কর্মকর্তারা।ফুটবলারদের উৎসাহ দিতে কাল বিকেলে বুয়েট মাঠে অনুশীলন দেখতে গিয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। উপভোগ্য একটা ম্যাচের আশা প্রকাশ করে দর্শকদের আমন্ত্রণও জানালেন, ‘আপনারা মাঠে আসুন। বাংলাদেশের ফুটবলের স্ট্যান্ডার্ডটা নিজের চোখে দেখুন।’সেটা দেখতে আজ কি মাঠে আসছেন?