তার পরও ইতিবাচক ক্লপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল জিততে না পারলেও ওয়েম্বলির ম্যাচ থেকে ইতিবাচক জিনিসগুলোই কুড়াতে চান ডর্টমুন্ডের ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। তিনি তাঁর দলের খেলায় গর্বিত। পরাজয়ে কুঁকড়ে যাননি। ক্যারিশমাটিক চরিত্রের ধারাটি বজায় রেখেই তিনি অভিযোগের আঙুল তুলেছেন রেফারির দিকে। তাঁর অভিযোগ, ইতালির রেফারি নিকোলা রিজোলির লালকার্ডের হাত থেকে খুব জোর বেঁচে গেছেন বায়ার্ন মিউনিখের ব্রাজিলীয় ডিফেন্ডার দান্তে।
৬৮ মিনিটে মার্কো রিউজকে বক্সের মধ্যে লাথি মেরে ডর্টমুন্ডকে পেনাল্টি ‘উপহার’ দেন দান্তে। এক গোলে পিছিয়ে পড়ে ওই ঘটনাটি থেকে প্রাপ্ত পেনাল্টিই ম্যাচে সমতায় ফিরিয়েছিল ডর্টমুন্ডকে। তবে ক্লপের চোখে, ‘নিকোলা রিজোলি দান্তেকে লালকার্ড না দেখিয়ে বেশ বড় ভুল করেছেন। ব্যাপারটি সবাই দেখেছেন। টেলিভিশনে এরপর যতবার সবাই ঘটনাটি দেখবেন, আমার সঙ্গে একমত হবেন। রিউজকে লাথি মারার জন্য দান্তের লাল কার্ড পাওয়া উচিত ছিল।’
অভিযোগের তির ছুড়লেও, এর পরপরই বাস্তবতার জমিনে ইয়ুর্গেন ক্লপ। বলেছেন, ‘ফুটবল ইতিহাসে প্রচুর বাজে রেফারিংয়ের নিদর্শন আছে। সেই তুলনায় নিকোলা রিজোলির ওই সিদ্ধান্তটি কিছুই নয়। ব্যাপারটি এমন নয় যে দান্তেকে লালকার্ড দেখিয়ে দিলেই দশজনী বায়ার্নের বিপক্ষে খুব সহজেই জয় পেয়ে যেত বরুসিয়া ডর্টমুন্ড।’

কাল পুরো ম্যাচেই নিজের ক্যারিশমার পরিপূর্ণ প্রদর্শন ঘটিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচের প্রতিটি মুহূর্ত যেন ডাগআউটে দাঁড়িয়ে হূদয় দিয়ে অনুভব করছিলেন ৪৫ বছর বয়সী এই জার্মান কোচ। তিনি নজর কেড়েছেন ম্যাচের একপর্যায়ে সুবোটিচের ওই দুর্দান্ত গোললাইন ক্লিয়ারেন্সটিতে হাত, পা ছুড়ে ‘সেলিব্রেট’ করে।

এক মৌসুম আগেও কোচ হিসেবে তারকাখ্যাতি ছিল না ক্লপের। এক বছরের ব্যবধানে পুরো পরিস্থিতিই পাল্টে গেছে আমূলে। ইয়ুর্গেন ক্লপ এ মুহূর্তে বিশ্বে সেলিব্রেটি কোচদের অন্যতম। বরুসিয়া ডর্টমুন্ডকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলার পর ইয়ুর্গেন ক্লপের পেছনে এখন হন্যে বিশ্বের অনেক শীর্ষ ক্লাবই।

আর্সেন ওয়েঙ্গারের উত্তরসূরি হিসেবে আর্সেনাল খুব করেই ভাবছে ইয়ুর্গেন ক্লপের কথা। তবে আপাতত ডর্টমুন্ডেই নিজেকে তৃপ্ত ভাবছেন তিনি। বরুসিয়ায় বসে তিনি তরুণ প্রতিভাদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার ব্রতেই আপাতত স্বাচ্ছন্দ্য তিনি।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে গেলেও ক্লপ খুশি বরুসিয়া ডর্টমুন্ডের অগ্রযাত্রায়। তিনি জানিয়েছেন ফিরে আসার কথা। বলেছেন, হয়তো ওয়েম্বলিতে নয়, অন্য কোথাও। কিন্তু বরুসিয়া চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আবার ফিরে আসতে বদ্ধপরিকর।

তিনি বলেছেন, ‘আমি আমার দলের খেলোয়াড়দের নিয়ে খুশি। ফাইনালেও তারা দারুণ খেলেছে। প্রথম ২০ মিনিটে তারা যা খেলেছে, তাতে বায়ার্নের জালে বল পাঠিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকত না। তার পরও খেলোয়াড়েরা তাদের সর্বস্ব দিয়ে লড়েছে। আনন্দের বিষয় এটিই।’

আপাতত ফুটবল নিয়ে আর ভাববেন না ইয়ুর্গেন ক্লপ। মৌসুমের চাপে পরিবারকে যে একেবারেই সময় দেওয়া হয়নি। ছুটিতে যাবেন। স্ত্রী-সন্তানদের সময় দেবেন। এরপর ভাবতে বসবেন নতুন মৌসুম নিয়ে। নতুন মৌসুম যে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হবে তাঁর সামনে। সূত্র: রয়টার্স।