জিততে না পারার অতৃপ্তি তো থাকেই। তবে ভারতের বিপক্ষে গোয়ায় পরশুর ২-২-এ ড্র হওয়া প্রীতি ম্যাচে দলের পারফরম্যান্সে খুশিই হয়েছেন বাংলাদেশের ডাচ কোচ।
ম্যাচের পর কোচ লোডভিক ডি ক্রুইফ ড্রেসিংরুমেই খেলোয়াড়দের বলেছেন, ‘তোমরা ভালো খেলেছ। চেষ্টা করেছ। আমরা জিততে পারলাম না ভাগ্যের কারণে।’
ভাগ্যবিড়ম্বনাই বলতে হবে। রেফারি ‘অ্যাডভান্টেজ রুল’ প্রয়োগ করলে শেষ মিনিটে তকলিচের গোলে বাংলাদেশ জিতেই যায়। রেফারির এই অবিমৃশ্যকারিতায় ক্ষোভও ঝরেছে ডি ক্রুইফের কণ্ঠে। বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন কাল গোয়া থেকে ফোনে বলছিলেন, ‘তকলিচের গোলটা রেফারি কেন দিলেন না, সেটি নিয়ে কোচ বিস্মিত। বলেছেন, ওই গোল দেওয়া উচিত ছিল রেফারির। ওটা পরিষ্কার গোল। গোল হওয়ার পর রেফারি ভারতীয় গোলরক্ষকের ফাউল ধরেছে।’
তকলিচের ন্যায্য গোলটা রেফারি দিলে ১১ বছর পর ভারতকে হারানোর স্বাদ পেত বাংলাদেশ। অপেক্ষাটা বাড়িয়ে দিচ্ছে মাস ছয়েক আগে কাঠমান্ডু সাফে ভারতের বিপক্ষে জিততে জিততে শেষ মিনিটে গোল খেয়ে ড্র করার দুঃস্মৃতিও। সেবার বাংলাদেশের কাঠগড়ায় ছিল শ্রীলঙ্কান রেফারি।
এবার মুম্বাইয়ের রেফারি অ্যাডভান্টেজ দিলেন না কেন, বোঝা কঠিন। প্রতিপক্ষ গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছেন, তাঁর বাধা টপকে বদলি ফরোয়ার্ড তকলিচ মাপা শটে বল জড়ান জালে। টিভি পর্দায় দেখা যায় বাংলাদেশ ৩, ভারত ২। বল জালে যাওয়ার পর রেফারি ভারতীয় গোলরক্ষক সুব্রত পালকে ফাউলের জন্য লাল কার্ড দেখান।
তবে স্থানীয় আয়োজক এবং দর্শকদের প্রশংসাই পেয়েছে বাংলাদেশ। ইকবাল বলছিলেন, ‘আমাদের দলের খেলা দেখে এখানকার সবাই খুশি। আমরা যথেষ্ট সম্মান পেয়েছি এখানে। বাংলাদেশ ফুটবলে উন্নতি করেছে, এমন কথা এখানকার অনেকের মুখেই শুনেছি।’
একঝাঁক নবীন খেলোয়াড় এখন বাংলাদেশ দলে খেলছেন। সোহেল, রায়হান, ইয়ামিন, সোহেল রানা, তকলিচ, সোহেল রানাদের সঙ্গে যোগ হয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। এই তরুণের খেলার প্রশংসা করেছেন কোচ। অন্যরাও পেয়েছেন কোচের প্রশংসা। কিন্তু মুশকিল হচ্ছে, আবার কবে একটা আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ, কেউ জানে না।