তার পরও খুশি নাইজেরিয়া
বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখা হয়নি। দুই ম্যাচের দুটিতেই হার। তাতে কী! নিজেদের পারফরম্যান্সে মোটেই অসন্তুষ্ট নন নাইজেরিয়ার ফুটবলাররা।গত বিশ্বকাপে খেলা নাইজেরিয়ার বেশির ভাগ খেলোয়াড়ই এবারের বিশ্বকাপে নেই। তাদের পরিবর্তে তারুণ্যনির্ভর দল গড়েছেন কোচ সাহিবু আমোদু। তবে এখন পর্যন্ত নিজের আস্থার প্রতিদান তরুণদের কাছ থেকে পাননি তিনি। প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে, আর গতকাল বৃহস্পতিবার গ্রিসের কছে হেরেছে নাইজেরিয়া। বাকি আছে কেবল ২২ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি। এশিয়ার ফুটবলের এই পরাশক্তিকে হারিয়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার অপেক্ষায় আছেন দেশটির ফুটবলাররা। আর এ ক্ষেত্রে নাইজেরিয়ার প্রেরণা হয়ে আছে আর্জেন্টিনা!মেসিদের দলের কাছে মাত্র ১-০ ব্যবধানে হেরেছে তারা। অথচ গতকাল বৃহস্পতিবার ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। এশিয়ার এই ফুটবল পরাশক্তিকে হারানোর স্বপ্ন তাই দেখতেই পারেন নাইজেরিয়ার ফুটবলাররা। এখানেই শেষ নয়, হিসাবে কষে নিজেদের শেষ ষোলতে নেওয়ার স্বপ্নও দেখছে নাইজেরিয়া।এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি নাইজেরিয়া। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ের দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও গ্রিস প্রত্যেকেই তিন পয়েন্ট অর্জন করেছে। তার পরও দলটির স্ট্রাইকার নুয়ানকু কানু রয়টার্সকে বলছেন, ‘আমাদের গ্রুপের পয়েন্ট টেবিলের দিকে তাকালে আমরা মোটেও খারাপ অবস্থায় নেই। আমাদের প্রয়োজন কেবল একটি জয়। আর্জেন্টিনা ও গ্রিসের ম্যাচ থেকে সহায়তা পেলে পরবর্তী রাউন্ডে উঠে যেতে পারি আমরা।’নাইজেরিয়ার এত স্বপ্নের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি লাল কার্ড। গ্রিসের বিপক্ষে গতকাল বৃহস্পতিবারের ম্যাচে আক্রমণাত্মক আচরণের কারণে লাল কার্ড দেখেছেন সানি কেইটা! দলের অন্যতম সেরা এই মিডফিল্ডার ছাড়া স্বপ্নপূরণ কিছুটা কঠিনই হয়ে পড়েছে নাইজেরিয়ার।