তার পরও টেন্ডুলকার
বিশ্বকাপের সেমিফাইনাল মানে বিশাল চাপ। খেলোয়াড়দের ওপর চাপটা ভালোই বোঝা গেছে। যদি শুধু ব্যাটিং নিয়ে বলি, তাহলে দুই দলের ব্যাটিংয়েই এর স্পষ্ট ছাপ ছিল। উইকেট পরের দিকে স্লো হয়ে এলেও ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল না। কাজেই প্রার্থিত ব্যাটিং দেখতে না পাওয়ার একটাই কারণ—চাপ।এই ম্যাচের সেরা ইনিংস বেছে নেওয়া একটু কঠিন। ম্যাচের সর্বোচ্চ ৮৫ করেছে শচীন টেন্ডুলকার। কিন্তু টেন্ডুলকারের ব্যাটিং দেখার পর এটিকে দিনের সেরা বললে অনেকে ভ্রু কুঁচকাতে পারে। যে লোকটা গোটা পাঁচেক জীবন পেল, অনেকবার পরাস্ত হলো, তার ইনিংসকে সেরা বলি কীভাবে?তার পরও আমি দিনের সেরা হিসেবে টেন্ডুলকারের ইনিংসটাই বাছব। হ্যাঁ, টেন্ডুলকারের এমন নড়বড়ে ব্যাটিং আমি আগে দেখিনি। এতবার পরাস্ত হতেও দেখিনি তাকে। এই টেন্ডুলকার আমাদের চেনা টেন্ডুলকার নয়। অচেনাই লেগেছে তাকে। কিন্তু দলের জন্য রান করার কাজটা কিন্তু সে করে গেছে। পরাস্ত এবং জীবন পাওয়ার ফাঁকে ফাঁকে কিছু শট খেলল, যেগুলো সত্যিই টেন্ডুলকারের জাত চিনিয়েছে। কখনো কখনো টেন্ডুলকারীয় ঝলকটা ঠিকই পাওয়া গেছে।শহীদ আফ্রিদির বলে কাভারে টেন্ডুলকারের ক্যাচ ছাড়ল ইউনুস খান। পরের বলেই সেই ইউনুসের মাথার ওপর দিয়ে দারুণভাবে বাউন্ডারি মারল। দুর্দান্ত। জীবন পেলে সেটিকে কাজে লাগানোও কিন্তু ব্যাটমস্যানের কাজ। টেন্ডুলকার সেই সুযোগ নিতে পেরেছে, যেটা তার দলের জন্য দরকার ছিল।শেবাগ দারুণ শুরু করল। যতক্ষণ ক্রিজে ছিল, শট খেলে গেছে। শেবাগ আর কিছু সময় উইকেটে থাকলে ভারতের রান আরও বেশি হয়। সে যাই হোক, শেবাগ যতটা করে দিয়েছে, দলের জন্য সেটিও কম নয়। সত্যি কথা, শেবাগের ইনিংসটা খুব উপভোগ করেছি।কিন্তু পাকিস্তান ইনিংসে তেমন উপভোগ্য কিছু পেলাম না। ভারতকে ২৬০ রানে আটকে পাকিস্তানের ব্যাটমস্যানদের সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ম্যাচটা নিজেদের করে নেওয়া। কিন্তু সেটা তারা পারল না।হাফিজ ভালো খেলতে খেলতে যেভাবে আউট হয়েছে, ড্রেসিং রুমে গিয়ে বকুনি খেয়েছে নিশ্চয়ই। দারুণ খেলতে খেলতে উমর আকমল আউট খুব ভালো একটা বলে। এরা আরেকটু সময় উইকেটে থাকতে পারলে পাকিস্তানের জন্য ভালো হতো। মিসবাহ অনেকটা সময় উইকেটে কাটালেও দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ‘অচেনা’ টেন্ডুলকারের ৮৫-ই গড়ে দিল ম্যাচের ভাগ্য!