তার পরও টেন্ডুলকারের টেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ইতিহাসের ২০০তম ম্যাচ। ইংল্যান্ড-ভারত শততম টেস্ট। উপলক্ষের অভাব নেই। ম্যাচটিও হচ্ছে লর্ডসে, এর চেয়ে ভালো মঞ্চ আর কী হতে পারে! কিন্তু এতসব ছাপিয়ে শেষ পর্যন্ত আজ শুরু হতে যাওয়া ম্যাচটি হয়ে যেতে পারে ‘টেন্ডুলকারের টেস্ট’। ভারতের এই কিংবদন্তি যে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শততম সেঞ্চুরি থেকে মাত্র এক ধাপ দূরে!২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শুরুর আগে থেকেই আলোচনার কেন্দ্রে। কিন্তু কিছুদিন ধরে যেন অন্য রকম এক কৌতূহলের আলো ঠিকরে পড়ছে তাঁর ওপর। কারও কারও মনে পড়ে যাচ্ছে, ১৯৪৮ সালে ওভালে নিজের শেষ টেস্ট খেলতে নামার আগে এমনই আগ্রহের কেন্দ্রে ছিলেন ডন ব্র্যাডম্যান। ক্যারিয়ার গড়টাকে ১০০-তে নিয়ে যাওয়ার জন্য মাত্র ৪ রান দরকার ছিল। অস্ট্রেলিয়ার একমাত্র ইনিংসে ব্র্যাডম্যান করলেন শূন্য। ক্রিকেট ইতিহাসের সেই বিখ্যাত শূন্য!না, টেন্ডুলকারের শেষ টেস্ট এটি নয়। তবে খুব সম্ভবত লর্ডসে নিজের শেষ টেস্টটা খেলতে চলেছেন এই ৩৮ বছর বয়সী। এবং ব্র্যাডম্যানের মতো তিনিও একটা লক্ষ্য নিয়েই ব্যাট হাতে নামবেন এই ম্যাচে—ক্রিকেট-তীর্থে যে সেঞ্চুরি নেই তাঁর! ৫১ টেস্ট সেঞ্চুরির মালিক, ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি আছে চারটি। কিন্তু এর কোনোটাই লর্ডসে নয়। এ মাঠে সাত ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ৩৭!সেঞ্চুরির সেঞ্চুরি দিয়েই কি তবে লর্ডসের সেই অতৃপ্তি ঘোচাবেন টেন্ডুলকার?শুধু ক্রিকেট-তীর্থ বলেই নয়, লর্ডস আরও একজনের কাছে বিশেষ একটা মাঠ। রাহুল দ্রাবিড় সেটি এই সেদিন মনেও করিয়ে দিলেন। এ মাঠেই অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেটের আরেক সফল ব্যাটসম্যান (রিকি পন্টিংকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রানের মালিক হতে আর ৫০ রান চাই তাঁর) দ্রাবিড়ের অভিষেক হয়েছিল এখানেই। কিন্তু এ মাঠে টেস্ট সেঞ্চুরি পাওয়া হয়নি তাঁরও। টেন্ডুলকার আলোর বৃত্তেই থাকুন, এই টেস্টে পার্শ্বচরিত্রে হলেও বেশ খানিকটা আলো থাকবে তাঁর ওপরেও।কেন এই ৩৮ বছর বয়সেও মুখ্য চরিত্রে থাকছেন টেন্ডুলকার? কেন আজ ক্রিকেটেরই আরেক বরপুত্র ব্রায়ান লারাকেও তাঁর গুণমুগ্ধ দর্শক হয়ে লর্ডসের গ্যালারিতে প্রার্থনায় থাকতে হয় শততম সেঞ্চুরির? উত্তর একটাই—খেলাটার প্রতি টেন্ডুলকারের আত্মনিবেদন এতটুকু কমেনি। এক-দুদিন বিশ্রাম তিনি নিলে বকুনি দেওয়ার কেউ নেই। তার পরও এখনো অনুশীলনে সবচেয়ে সিরিয়াস মানুষটার নাম টেন্ডুলকার। ইংলিশ কন্ডিশনে মানিয়ে নেবেন বলে সেই কবেই এখানে এসে হাজির। অনুশীলন-সঙ্গী হিসেবে থেকেছেন টেন্ডুলকার-তনয় অর্জুন।এ কারণে যে বয়সে ক্যারিয়ারটা অস্তাচলে ঢলে পড়ার, সেই সময়েই ক্যারিয়ারের সেরা ফর্মে তিনি। গত বছর ৭৮ গড়ে রান করেছেন ১৫৬২! তাই শ্রদ্ধাবনত হয়ে ‘প্রতিপক্ষ’ পরিচয়টার বাইরে দাঁড়িয়ে তাঁকে স্যালুট করেন গ্রায়েম সোয়ান, অ্যান্ড্রু স্ট্রাউস। মাইকেল ভন এই বলে সতর্ক করে দেন, ‘খবরদার, টেন্ডুলকারকে কোনো স্লেজিং নয়।’এই টেস্টটা আসলেই টেন্ডুলকারের গ্রহণে ঢাকা বলে প্রথাগত ম্যাচ প্রিভিউ লেখা কঠিন। তবে এই ফাঁকে এই তথ্যটি মনে করিয়ে দেওয়া যায়, অন্তত ইংলিশ মিডিয়া নিজ দায়িত্বেই সেটি দিচ্ছে, লর্ডসে ভারতের বিপক্ষে ১৫ টেস্টে মাত্র একবারই হেরেছিল ইংল্যান্ড, সেটাও ১৯৮৬ সালের ঘটনা। চার ড্রয়ের পাশাপাশি বাকি ১০ ম্যাচেই জিতেছে ইংলিশরা।চার টেস্ট সিরিজের শুরুর ভেন্যু হিসেবে লর্ডসটাও বেছে নিতে এই রেকর্ড ইংলিশদের প্রলুব্ধ করে থাকতেই পারে! রয়টার্স, ওয়েবসাইট।