তার পরও পুরো শক্তির আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকায় সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়েছে তাঁর দল। চাইলে এখন তারকা ফুটবলারদের বিশ্রামে রাখতেই পারেন আলেসান্দ্রো সাবেলা। কিন্তু বাছাইপর্বের বাকি দুটি ম্যাচেও পুরো শক্তির আর্জেন্টিনা দলকেই খেলাবেন আর্জেন্টিনার কোচ। পেরু ও উরুগুয়ের বিপক্ষে শেষ দুটি ম্যাচের জন্য সাবেলা দলে রেখেছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো আর গঞ্জালো হিগুয়েইনের মতো তারকাদের।
১১ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পেরুর সঙ্গে ম্যাচ আর্জেন্টিনার। এর চার দিন পর মন্টেভিডিওতে প্রতিপক্ষ উরুগুয়ে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে (শীর্ষে) এরই মধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। পেরু বাদ হয়ে গেছে, কিন্তু উরুগুয়ের বিশ্বকাপ খেলা নির্ভর করছে বাকি দুটি ম্যাচের ওপর। মন্টেভিডিওর ওই ম্যাচটা তাই উরুগুয়ের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্য তাদের, ওই ম্যাচেও তাদের হয়তো পুরো শক্তির আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হবে। মেসি, আগুয়েরো, হিগুয়েইনরা তো আছেনই, সঙ্গে পাবলো জাবালেতা, অ্যাঙ্গেল ডি মারিয়া, এভার বানেগা ও হাভিয়ের মাচেরানোর মতো ইউরোপীয় ক্লাবের ফুটবলাররা। তবে আর্জেন্টিনা দলে জুভেন্টাসের স্ট্রাইকার কার্লোস তেভেজ ও পিএসজির মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে উপেক্ষিতই রয়ে গেছেন।
আর্জেন্টিনার মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা (১৪ ম্যাচে ২৬ পয়েন্ট) কলম্বিয়া। পরের তিনটি স্থানে থেকে এখনো বিশ্বকাপে জায়গা পেতে লড়ছে চিলি (২৪), ইকুয়েডর (২২) ও উরুগুয়ে (২২)।
স্বাগতিক বলে বাছাইপর্বের বাধা নেই ব্রাজিলের। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে যাতে ঘাটতি না থাকে সে জন্য প্রীতি ম্যাচ খেলে যাচ্ছে কোচ লুইস ফেলিপে স্কলারির দল। ১২ অক্টোবর সিউলে ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে। এর তিন দিন পর বেইজিংয়ের ম্যাচের প্রতিপক্ষ জাম্বিয়া। দুটি ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ। কাকা, রোনালদিনহোর মতো অভিজ্ঞরা না থাকলেও প্রায় দুই বছর পরে ব্রাজিল দলে ডাক পেয়েছেন লুকাস। ২০০২ বিশ্বকাপজয়ী কোচের দলে এই প্রথম ডাক পেয়েছেন ক্রুজেইরো ডিফেন্ডার দেদেও। তবে যাঁরা ডাক পাননি কিংবা যাঁরা দলে থাকলেও অবস্থান নড়বড়ে, তাঁদের সবার জন্যই এখনো জাতীয় দলের দুয়ার খোলা বলে জানিয়েছেন স্কলারি। এএফপি।