তার পরও বার্সার পেছনে রিয়াল
গত ২৯ নভেম্বর বার্সেলোনার কাছে ০-১ গোলে হেরে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা হারায় রিয়াল মাদ্রিদ। টেনেরিফকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ৩ মাস পর সেটা পরশু আবার ফিরে পেয়েছিল তারা। তবে অল্প সময়ের জন্যই। পরে নিজেদের মাঠে মালাগার বিপক্ষে কষ্টে পাওয়া জয়ে (২-১) শীর্ষস্থান ফিরে পেয়েছে বার্সেলোনা। টেনেরিফের হেলিওদোরো লোপেজ স্টেডিয়ামটা বড় এক বেদনার কারণ হয়ে আছে স্প্যানিশ লিগের সেরা দলটির কাছে। ১৯৯২ ও ১৯৯৩ সালে টানা দুবার এ মাঠেই মৌসুমের শেষ ম্যাচে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের। কিন্তু হেলিওদোরো এবার দেখল রিয়ালের অন্য রূপ। আগের ম্যাচে ভিয়ারিয়ালকে ৬-২ গোলে উড়িয়ে দেওয়া রিয়ালের তারকাপুঞ্জ এদিন বিধ্বস্ত করল টেনেরিফেকে। ম্যাচের আগে আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইনের হুঁশিয়ারি যে অমূলক ছিল না, পরশু প্রমাণ হলো সেটাই। রিয়ালের বড় জয়ে হিগুয়েইন নিজে করেছেন জোড়া গোল, গোল পেয়েছেন রিয়ালের আরও তিন নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা ও রাউল গঞ্জালেস। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তারকাপুঞ্জের জাগরণে মহাখুশি, ‘দল একত্রে যেভাবে খেলছে তাতে আমি খুব খুশি। এটা আমাদের কঠিন পরিশ্রম ও খেলোয়াড়দের দৃঢ় প্রত্যয়েরই ফল।’রিয়ালের দলগতভাবে জ্বলে ওঠার রাতে ন্যু ক্যাম্পে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। মালাগার বার্সার ত্রাতাই ছিলেন এই আর্জেন্টাইন। ৬৮ মিনিটে পেদ্রো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু ১২ মিনিট পরই মালাগাকে সমতায় ফেরান ভালদো। রিয়াল জয়ের খবর নিয়ে মাঠে নামা বার্সা চাপে পড়ে যায় এতেই। ৮৩ মিনিটে কাতালানদের সেই চাপ থেকে মুক্ত করেন লিওনেল মেসি। জাভি হার্নান্দেজ-দানি আলভেস সমন্বয়ে বল পেয়ে গোল করেন তিনি। তবে স্কোরলাইন বার্সেলোনার জয়টাকে যত কষ্টসাধ্য দেখাচ্ছে ম্যাচটি তা ছিল না। মালাগাকে শুরু থেকেই চেপে ধরে বার্সা। একের পর এক আক্রমণে সফরকারীদের কোণঠাসা করে ফেলে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও মেসির গোল করতে না পারা, জ্লাতান ইব্রাহিমোভিচের দুটি হেড থেকে অল্পের কারণে গোল না হওয়া। ইনিয়েস্তার বল বারে লেগে ফিরে আসা—এসবের কারণে জয়ের ব্যবধানটা আর বড় হয়নি। ম্যাচ শেষে মেসিও বললেন এটাই, ‘ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। তবে আমরা অনেক গোলও মিস করেছি।’ এএফপি।