
হিসাব-নিকাশের বালাই খুব একটা নেই। লড়াইয়ের ভেতর লড়াইয়ের উপকরণও তেমন নেই। দুই দলের শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক ফর্মে বিশাল ফারাক। বিশ্বমঞ্চে ভারত-পাকিস্তান লড়াইয়ের এমন নিষ্প্রভ প্রেক্ষাপট কি আগে কখনো ছিল?
তবে ম্যাচের আবহ বা প্রেক্ষাপটে উত্তেজনার রসদ যতই কম থাকুক, ভারত-পাকিস্তান ম্যাচের চিরসঙ্গী চাপ কিন্তু কম নেই। চ্যাম্পিয়নস ট্রফির সূচি চূড়ান্ত হওয়ার পরই ১৫ জুনের এজবাস্টনের দিকে দৃষ্টি ক্রিকেট-বিশ্বের। আজকের ম্যাচের টিকিট শেষ মাস দুয়েক আগেই! শেষ মুহূর্তেও একটা টিকিটের জন্য কয়েক গুণ বেশি অর্থ নিয়ে বসে আছেন অনেকে। এ সবই ভারত-পাকিস্তান ম্যাচের মাহাত্ম্যটা বুঝিয়ে দেয়। তা বিশ্বের যেকোনো প্রান্তে, যেকোনো টুর্নামেন্টে, যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন। সুনীল গাভাস্কার যেমন বলেছেন, ভারত-পাকিস্তান লড়াই কখনোই ‘ডেড রাবার’ নয়।
আর কে না জানে, যত বেশি আগ্রহ, তত বেশি চাপ! সাঈদ আজমলের কথাটা শুনুন, ‘আগে লোকে বলছিল সব ম্যাচ জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। এখন বলছে, ভারতের বিপক্ষে জিততেই হবে! খেলায় হার-জিত আছেই, কিন্তু মানুষকে এটা কে বোঝাবে!’ শুধু এটুকুই নয়। ভেতরের খবর হলো, পরশু দলের সবাইকে নিয়ে জরুরি সভায় বসেছিল পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। মূল বক্তা ম্যানেজার নাভিদ আকরাম চিমা কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন বোর্ডের চাওয়া—গ্রুপ পর্বেই বিদায় নিয়ে ভারতের বিপক্ষে হারলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শোয়েব মালিক, কামরান আকমল, ইমরান ফারহাতের মতো সিনিয়রদের নাকি আলাদা করে বলেছেন, ক্যারিয়ার বাঁচাতে চাইলে এই ম্যাচ জিতিয়ে দেখাতে হবে। এই ম্যাচ হারলে নিষিদ্ধ থাকা বোর্ড প্রধান জাকা আশরাফকে পদত্যাগে বাধ্য করা হবে, এমন গুঞ্জনও আছে। সব মিলিয়ে শেষ হয়েও শেষ নয় পাকিস্তানের টুর্নামেন্ট। বরং সবচেয়ে বেশি চাপে যেন মিসবাহরাই!
চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার আর দুটি জয়। আজ হারলেও ক্ষতি নেই। তবে সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন হলেও লেগে থাকবে একটা কালো দাগ। পাকিস্তানের কাছে হারের দাগ যথেষ্টই বড় হওয়ারই কথা! ধোনি-কোহলিরাও সেটা জানেন। জানেন বলেই চাপ থাকছে আজ তাদের ওপরও। এই টুর্নামেন্টের যা পারফরম্যান্স, সেটা ধরে রাখতে পারলে না জেতার কারণ নেই ভারতের। বোলিং-ফিল্ডিং দুর্দান্ত, আর শিখর ধাওয়ান ও রোহিত শর্মার নতুন উদ্বোধনী জুটি জমে গেছে। সাবেক পাকিস্তান অলরাউন্ডার মুশতাক মোহাম্মদ তো ভারতের ব্যাটিং দেখে মুগ্ধ, ‘পাকিস্তানের উচিত ভারতের ব্যাটিংয়ের ভিডিও অন্তত ১০ বার দেখা, যদি কিছু শিখতে পারে!’ গত জানুয়ারিতে দেশের মাটিতে পাকিস্তানের কাছে ভারতের হারটা যেন হয়েছে কয়েক যুগ আগে।

তবে উপসংহারে আবারও সেই চাপের কথা বলতে হয়। ভারত পরিষ্কার ফেবারিট, তাই বলে ম্যাচের ফলাফল নিয়ে আগেই সিদ্ধান্তে পৌঁছে যেতে পারেন না! তথ্যসূত্র: ওয়েবসাইট।