
বিশ্বকাপ এখন আকর্ষণীয় পর্যায়ে। গোটা দুই দল শেষ আটে পৌঁছে গেছে, বাকি শীর্ষ দলগুলোকে লড়াই করেই যেতে হবে। পরবর্তী ১০ দিনে ছবিটা স্পষ্ট হবে। পরের ধাপে যেতে শেষ দু-তিনটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
ভারতকে গ্রুপ ‘বি’-এর সম্ভাব্য শীর্ষ দল মনে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজকে হারালে তো কথাই নেই। ভারতের জয়গুলো এসেছে মোক্ষম সময়ে, ভালো ক্রিকেট খেলতে যা প্রেরণা জোগাচ্ছে। ব্যাটিং সব সময়ই তাদের বড় শক্তি, বাড়তি হয়ে এসেছে শিখর ধাওয়ানের ফর্ম। বিরাট কোহলি দলের চালিকাশক্তি, সে ফর্মে থাকলে ভারত ধারাবাহিকভাবে তিন শর ওপর রান করতে পারে। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা যদি ধাওয়ান ও কোহলিকে ব্যাটিংয়ে সমর্থন দেয়, ভারতের ব্যাটিং টুর্নামেন্টেরই সেরা হবে।
পেসারদের সঙ্গে অশ্বিনের বোলিং ভারসাম্যটা ধরে রাখছে। আজকের ম্যাচে ক্রিস গেইলের উইকেটটা গুরুত্বপূর্ণ, তাকে তুলে নিতে পারলেই ম্যাচ ধোনির নিয়ন্ত্রণে আসবে। ভারতীয় দলের ফিল্ডিংয়েরও প্রশংসা করতে হয়। গুরুত্বপূর্ণ সময়ে জুটি ফিল্ডিং বোলারদের সহায়তা করছে। দলটাকে দেখে মনে হচ্ছে সুস্থির, যারা অস্ট্রেলিয়ান কন্ডিশনের খারাপ সময়ের স্মৃতিটুকু মুছে ফেলে এগিয়ে যাচ্ছে। তিন জয়ের পর দলটা উদ্দীপ্ত। বর্তমান চ্যাম্পিয়নরা শিরোপাটা যেন ধরেই রাখতে চায়।
ওয়েস্ট ইন্ডিজের জ্বলে ওঠার জন্য স্বরূপে থাকা ক্রিস গেইলকে ভীষণ দরকার। সে রান করলেই বড় স্কোর আসবে। তাদের বোলিং দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছে, আইরিশদের সঙ্গেও খেই হারিয়ে ফেলেছিল। নেতৃত্ব নিয়েও প্রশ্ন আছে। তরুণ ও অনভিজ্ঞ জেসন হোল্ডারের সিদ্ধান্ত গ্রহণ সব সময় সঠিক হচ্ছে না। বোলার হিসেবেও গত ম্যাচে ১০০ রানের ওপরে খরচ করেছে। বোর্ডের সঙ্গে দ্বন্দ্বটাও তাদের দুর্দশার একটা কারণ হতে পারে। শুধু ক্রিস গেইলের ব্যাটিংয়ের ওপর নির্ভর করে থাকলে তো সব ম্যাচ জেতা যাবে না। পূর্ণাঙ্গ দল হিসেবে খেলাটাই জয়ের পূর্বশর্ত।
ভারতের সামনে অননুমেয় গেইল, অননুমেয় ওয়েস্ট ইন্ডিজ। তার পরও ভারতকেই আমি ফেবারিট বলব। (হক-আই)