তার পরও ভেনেজুয়েলা ‘চ্যাম্পিয়ন’!
তিন-তিনবার গোলপোস্টে লেগে শুধু বলই ফিরে আসেনি, ফিরে এসেছে ভেনেজুয়েলার ফাইনাল-স্বপ্নও। প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে অফসাইডে একটি গোল বাতিলই শুধু করেননি রেফারি, শেষ করে দিয়েছেন ভেনেজুয়েলার আশা। শেষ পর্যন্ত টাইব্রেকারে হার। কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে এভাবে ফিরে আসাটা মেনে নেওয়া কঠিন। মানতে পারছে না ভেনেজুয়েলা। মানতে পারছেন না দেশটির রাষ্ট্রপতি হুগো চাভেজও। বলেছেন, ‘আমাদের কাছ থেকে জয়টা ছিনতাই করা হয়েছে।’ক্যানসারের চিকিৎসার জন্য আবারও কিউবায় গিয়েছিলেন চাভেজ। সেখানেই কিউবার কিংবদন্তি নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে বসে খেলা দেখেছেন। চাভেজ বলছেন, ‘ফিদেল আর আমি পরিষ্কার দেখলাম গোলটা হয়েছে, কিন্তু সেটা বাতিল করা হলো। আমার মনে হয়, এ নিয়ে জোরালো প্রতিবাদ করা উচিত। কনমেবলের (দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন) কাছে নালিশ করার এখতিয়ার আমাদের আছে।’ সমস্যা হলো, কনমেবলের বর্তমান প্রধানও একজন প্যারাগুইয়ান।দক্ষিণ আমেরিকায় ফুটবল শক্তিতে একসময় পিছিয়ে থাকা ভেনেজুয়েলার এবারের অর্জনটাও নেহাত কম নয়। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা পেরুর মুখোমুখি হবে। এখন পর্যন্ত কোপায় দলের খেলায় তৃপ্ত চাভেজ বলেছেন, ‘তোমরা দুর্দান্ত খেলেছ। এটা বিরাট গর্বের।’চাভেজের মতো দেশটির সংবাদমাধ্যমও প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে ভেনেজুয়েলাকে। নৈতিকভাবে ভেনেজুয়েলাই জয়ী হয়েছে বলে লিখেছে এল ন্যাসিওনাল, ‘অসামান্য সাহস আর শক্তি নিয়ে দল দারুণ খেলেছে। ভাগ্যদেবী আজ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। জাস্টো ভিলারের (প্যারাগুয়ের গোলরক্ষক) গোলপোস্ট তিনিই রক্ষা করেছেন।’ ক্রীড়া দৈনিক মেরিদিয়ানো লিখেছেন, ‘মিশন সম্পন্ন’। এল ইউনিভার্সাল মন্তব্য করেছে, ‘দাঁড়িয়ে তাদের সম্মান দেখানো উচিত। এই দলের সেই সম্মান প্রাপ্য।’ ক্রীড়া দৈনিক লিডার লিখেছে, ‘তোমরা আমাদের চ্যাম্পিয়ন। আমাদের ছেলেরা ইতিহাসই গড়েছে। ৩ কোটি করতালি তোমাদের জন্য।’প্যারাগুয়ে অবশ্য এসব কথায় কান না দিয়ে প্রস্তুতি নিচ্ছে ফাইনালের। যদিও ম্যাচটিতে তারা ডাগ-আউটে পাবে না কোচ জেরার্ডো মার্টিনোকে। সেমিফাইনালে লাল কার্ড দেখা মার্টিনো দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ফাইনালটি তাই গ্যালারিতে বসে দেখতে হবে তাঁকে। এ ছাড়া ম্যাচ শেষে হাতাহাতি করায় দুই দলকেই ১০ হাজার ডলার জরিমানা করেছে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি। এএফপি, রয়টার্স।