বিশ্বকাপ বাছাইয়ে একের পর এক ম্যাচ জিতে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা। বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি বলতেও এখন একজনই। তার ওপর প্রতিপক্ষ ছন্নছাড়া চিলি। লাল ও হলুদ কার্ডের খাঁড়ায় গুরুত্বপূর্ণ তিনজন খেলোয়াড় হারিয়ে একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছেন কোচ। তার পরও এই ম্যাচ মেসিদের পরীক্ষা হয় কীভাবে? পরীক্ষাই, কারণ ম্যাচটা যে খেলতে হবে প্রতিপক্ষের মাঠে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলে সবার ওপরে থাকলেও প্রতিপক্ষের মাঠে ৩ ম্যাচ খেলে মাত্র ১টিতেই জিতেছে আলেসান্দ্রো সাবেলার দল। পেরুর বিপক্ষে খেলা সর্বশেষ অ্যাওয়ে ম্যাচটাতেও ড্র করেছে ১-১ গোলে। আজকের ম্যাচে সাবেলা পাচ্ছেন না গঞ্জালো হিগুয়েইন ও মার্কোস রোহোকে। দুজনই চোটাক্রান্ত। তবে প্রতিপক্ষ কোচ ক্লদিও বোর্গির অবস্থা চিন্তা করে সাবেলা নির্ভারই থাকতে পারেন। চিলির আর্জেন্টাইন কোচ পাচ্ছেন না মিডফিল্ডার আরতুরো ভিদাল এবং দুই ডিফেন্ডার পাবলো কনত্রেরাস ও অসভালদো গঞ্জালেসকে। চোট কেড়ে নিয়েছে এক নম্বর গোলরক্ষক ক্লদিও ব্রাভো ও স্ট্রাইকার হামবার্তো সুয়ারেজকেও। তা ছাড়া দলের মধ্যে আছে অনৈক্যের সুর। খেলোয়াড় নির্বাচন নিয়ে বিতর্কে বোর্গি ইঙ্গিত দিয়েছেন সরে দাঁড়ানোরও। গোল করতে ব্যর্থতার কারণে সমালোচনার তির ছুটছে তারকা ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজের দিকে। এর সঙ্গে ঘরের মাঠে সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে পরাজয় যোগ হয়ে চিলির এখন ‘ত্রাহি মধুসূদন’ অবস্থা।আর্জেন্টিনার কোচ সাবেলার মনে হচ্ছে ‘অ্যাওয়ে ভূত’ তাড়ানোর এটাই সুযোগ, ‘চিলি ভালো দল। তবে কোনো দল যদি জয়ের মধ্যে না থাকে এবং ম্যাচ চলাকালেই কোনো ঝামেলায় পড়ে, তবে তাদের পক্ষে ফিরে আসাটা বেশ কঠিন।’ অধিনায়ক মেসি অবশ্য সতর্কই থাকতে চাইছেন, ‘চিলি কঠিন প্রতিপক্ষ হবে। বিশ্বকাপ বাছাইয়ে ওপরে উঠতে হলে তো ওদের জয়ের বিকল্প নেই।’আর্জেন্টিনার চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে গোল-ব্যবধানে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডরের অবস্থাও আর্জেন্টিনার মতো। ঘরের মাঠে দুর্দান্ত খেললেও (৫ ম্যাচেই জয়) দেশের বাইরে পারফরম্যান্স যাচ্ছেতাই। ১৬ পয়েন্টের মাত্র একটিই এসেছে অ্যাওয়ে ম্যাচে। আজ পুয়ের্তো লা ত্রুদ্ধজে স্বাগতিক ভেনেজুয়েলার বিপক্ষে খেলা। আজ জিতে গেলে ভেনেজুয়েলার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নে রং লাগবে আরও। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে এখন তারা ছয়ে।টানা দুটি ম্যাচ হেরে সমস্যায় আছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। পরাজয়ের হ্যাটট্রিক করে ফেলার ভয় তো আছেই। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি যে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উচ্চতার লাপাজে। এবার অবশ্য নিজেদের সবচেয়ে ‘বড় অস্ত্র’কে খুব একটা কাজে লাগাতে পারছে না বলিভিয়া। লাপাজে চার ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতেই। এএফপি, রয়টার্স।আজকের খেলা বলিভিয়া - উরুগুয়ে ভেনেজুয়েলা - ইকুয়েডর প্যারাগুয়ে - পেরু চিলি - আর্জেন্টিনা* প্রথমে স্বাগতিক দল * চিলি-আর্জেন্টিনা ম্যাচটি আগামীকাল সকাল ৬টায়