তার পরও মেসির ওপর আলো
মেসির চার গোল। আর্জেন্টিনা ম্যাচ জিতেছে ৭-১ ব্যবধানে! চমকে উঠছেন? ওঠারই কথা। এমনটা হয়নি। হয়নি আসলে ম্যাচজুড়ে মেসির মিস করার ধারাবাহিকতার কারণে। এতে তো মেসির ‘ভিলেন’ হয়ে যাওয়ার কথা।কিন্তু কী বিস্ময়কর ব্যাপার। চারটি গোলের সুযোগ নষ্ট করেও মেসি ‘নায়ক’ হয়ে গেলেন! ম্যারাডোনা-ভেরন থেকে শুরু করে সংবাদমাধ্যম, সবাই বলছেন—মেসি-ম্যাজিক শুরু হয়ে গেছে। ‘মেসি বিশ্বকাপে আসছেন, মেসি বিশ্বকাপে আসছেন’—রবটা দু-তিন বছর ধরে চলছে। বিশ্বকাপও যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল ছোট জাদুকরের খেলা দেখার জন্য। তার পরও একটা প্রশ্ন ছিল, মেসি যে আর্জেন্টিনার হয়ে বার্সেলোনার মতো খেলতে পারেন না!এই এক ম্যাচে সব প্রশ্নের জবাব মিলে গেছে, এমন কথা বলার উপায় নেই। কারণ, মেসি নাইজেরিয়ার বিপক্ষে একটিও গোল পাননি। কিন্তু যেভাবে নাইজেরিয়ার আক্রমণভাগকে পায়ের জাদুতে নাচালেন, একটার পর একটা গোলের সুযোগ তৈরি করলেন; তাতে মেসি এসে গেছেন এ কথা বলতে আর আপত্তি থাকার কথা নয়।ম্যারাডোনার দলের ইদানীং খুব বড় সমালোচক হয়ে ওঠা ১৯৭৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য অসি আর্দিলেস পর্যন্ত ম্যারাডোনার কৌশলের কৃতিত্ব দিচ্ছেন, মেসির এই ‘গ্রেট’ খেলা দেখে, ‘গ্রেট, গ্রেট একটা ম্যাচ খেলল মেসি। শুধু গোল করা ছাড়া যা কিছু করা সম্ভব সব করেছে। ম্যারাডোনার ৪-৩-৩ ফরমেশনে মেসি আরও বেশি স্বাধীনতা নিয়ে খেলতে পেরেছে। মেসি এখন (খেলোয়াড়) ম্যারাডোনার প্রতিচ্ছবি।’ম্যাচ জিতেছেন, প্রিয় শিষ্য মেসি ফর্মে আছেন; আর কী চাই? তার পরও একটু যেন আফসোস ম্যারাডোনার কণ্ঠে, ‘আমার দল প্রথম ম্যাচ জিতেছে এবং সঠিক পথে আছে। এটা ঠিক যে আমরা ম্যাচে বেশ মিস করেছি। এতে হয়তো ফলটাও অন্য রকম হয়ে যেতে পারত। কিন্তু দলের খেলা আমার ভালো লেগেছে।’ কিন্তু ম্যারাডোনার মতো আবেগী মানুষ শুধু ম্যাচ নিয়ে সরল কিছু কথা বলবেন, সেটা কী হয়! যেই মেসি-প্রসঙ্গ এল সেই আবেগের বাঁধ ভেঙে গেল আর্জেন্টাইন কোচের, ‘ও তো অবিশ্বাস্য একটা দিন কাটাল। আমি সব সময় চেয়েছি লিওনেল যেন বলের কাছে থাকে। ও সেটাই করেছে। ও যখন নিজে খেলাটা উপভোগ করে, বাকি সবাই তখন ওর খেলা উপভোগ করে। ওর পায়ে বল না গেলে ফুটবল খেলাটাই মনে হয়, এত সুন্দর হতো না।’মেসির রুমমেট ও দলের সিনিয়র খেলোয়াড় হুয়ান সেবাস্টিয়ান ভেরনও মুগ্ধ মেসির খেলায়, ‘আমি ওর খেলা দেখে দারুণ খুশি। ওর সত্যিই প্রশংসা প্রাপ্য।’আর মেসি? যথারীতি বিনয়ী ভঙ্গিতে বলে দিলেন, নিজের খেলার জন্য নয়, খুশি তিনি দল জয় পেয়েছে বলে, ‘আমরা সবাই মিলে আজ সত্যিই ভালো ফুটবল খেলতে পেরেছি। আমাদের আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। আসলে আমরা নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছি, এটাই গুরুত্বপূর্ণ; আমি কেমন খেলেছি, সেটা নয়।’মেসির এই কথা বলার কারণও আছে। তাঁর কাছে এই ম্যাচে নিজের ভালো খেলার চেয়ে অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ বাছাইপর্ব থেকে চলতে থাকা চাপটা দলের ওপর থেকে সরে যাওয়া। সেই চাপটা সরে গেছে বলেই এখন একটু স্বস্তি পাচ্ছেন ফিফার বর্তমান বর্ষসেরা, ‘আমরা জানতাম, টুর্নামেন্টটা আমাদের ভালোভাবে শুরু করতে হবে এবং সেটা করতে আমরা ব্যর্থ হইনি। বাছাইপর্ব থেকে আমাদের ওপর যে চাপটা ছিল, সেটা সরিয়ে দিতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, খারাপ সময়টা এখন পেছনে পড়ে গেছে।’ এএফপি, ওয়েবসাইট।