তার পরও রুনি খেলছেন
শেন ওয়ার্ন থেকে টাইগার উডস, জন টেরি থেকে অ্যাশলি কোল। স্ত্রীর সঙ্গে প্রতারণা করে খবর হওয়া আন্তর্জাতিক ক্রীড়াবিদদের মিছিলটা বড়ই হচ্ছে কেবল। এবার তালিকায় নাম ওঠালেন ওয়েইন রুনি। সম্প্রতি ক্রিকেট কাঁপিয়ে দেওয়া ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর দাবি, সন্তানসম্ভবা কলিন ম্যাকলফলিনকে ঘরে রেখে এক মহিলার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন রুনি। এই খবর প্রকাশে বিপর্যস্ত হয়ে পড়া ইংলিশ স্ট্রাইকারকে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা যাবে কি না, তা নিয়েও সংশয় জেগেছিল। কিন্তু ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করেছে, এই ধাক্কা সামলেও বাসেলে দলের সঙ্গে গেছেন রুনি। সেখানে গতকাল বিকেলে তাঁর অনুশীলনও করার কথা ছিল।ট্যাবলয়েডটির দাবি অনুযায়ী, বছরখানেক আগে রুনি জেনিফার টমসন নামের ২১ বছর বয়সী এক দেহপসারিণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই টমসন তাঁর সঙ্গে রুনির পরিচয়, শুরু থেকে সম্পর্ক কীভাবে চলেছে—সবকিছুর বর্ণনা দিয়েছেন পত্রিকাটিকে। সোমবার ব্রিটেনের অধিকাংশ মূলধারার পত্রিকায় ছিল বিস্ফোরক এই খবর। বেশির ভাগ পত্রিকাই তাদের মতো করে খবরটি বিশ্লেষণ করেছে। ডেইলি মিরর-এর কলাম লেখক অলিভার হোল্ট বিশ্লেষণী মন্তব্যে জানিয়েছেন, রুনির বিশ্বকাপ ব্যর্থতার কারণও হয়তো এই ঘটনা!হোল্টের অনুমান, এই ঘটনা ফাঁস হয়ে যেতে পারে—সার্বক্ষণিক এমন দুশ্চিন্তায় ভুগতে থাকার কারণেই স্বরূপে পাওয়া যায়নি রুনিকে। সে যা-ই হোক, দ্য টাইমস বলছে, এসব খবর দেখে রুনির সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। বৈঠকের উদ্দেশ্য ছিল, রুনির খেলার মতো মানসিকতা আছে কি না সেটা জানা। শেষ পর্যন্ত নিশ্চয়ই ক্যাপেলো ইতিবাচক সাড়াই পেয়েছেন।কারণ, বার্তা সংস্থা এএফপি তাদের সূত্র থেকে নিশ্চিত হয়েছে, রুনি সুইজারল্যান্ডের বিপক্ষে খেলছেন। বাইরে কে কী বলল, না বলল তাতে রুনির খেলা আটকানোর কথা নয়। কারণ, অন্তত দলের মধ্যে রুনি সমর্থনই পাচ্ছেন। ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার বলছেন, যা-ই ঘটুক তাঁরা রুনির পাশে আছেন। সতীর্থদের সহানুভূতি পেতে পারেন। কিন্তু পরিবারে, বিশেষ করে স্ত্রীর ওপর তাঁর এই কেলেঙ্কারির খবরটা কেমন প্রভাব ফেলবে? ডেইলি মিরর লিখেছে, কলিন রুনির দুনিয়া নাকি এই খবরে ‘এলোমেলো হয়ে গেছে’। তা-ই হওয়ার কথা। রোববারই একটা অনুষ্ঠানে একসঙ্গে যাওয়ার কথা ছিল রুনি দম্পতির। কিন্তু এই খবরের কারণেই তাঁরা নাকি সেখানে যাননি। রুনির এক বন্ধুকে উদ্ধৃত করে মেইল অনলাইন বলছে, রুনি নাকি কলিনকে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছেন।কিন্তু এই ‘বার্তা’ কি শান্তি ফেরাতে পারবে রুনির সংসারে? এএফপি, ওয়েবসাইট।