তার পরও সন্তুষ্ট নন হোন্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনমার্ককে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠায় জাপানজুড়ে চলছে উত্সব। বিদেশের মাটিতে প্রথমবারের মতো এ কৃতিত্ব অর্জন করায় রাতারাতি জাতীয় নায়কে পরিণত হয়েছেন জাপানের ফুটবলাররা। তবে ঐতিহাসিক এ সাফল্যের পরও খুশি হতে পারছেন না ডেনমার্কের বিপক্ষে জাপানের জয়ের নায়ক কিউসুকে হোন্ডা। দলের কাছে আরও সাফল্য প্রত্যাশা করছেন এই মিডফিল্ডার।২০০২ সালে দেশের মাটিতে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল জাপান। সর্বশেষ পাঁচ এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন দলটি বাছাইপর্বে যথারীতি দাপট দেখিয়েই বিশ্বকাপে খেলতে এসেছে। তার পরও হল্যান্ড, ডেনমার্ক ও ক্যামেরুনের সঙ্গে একই গ্রুপে পড়ায় জাপানকে কেউ খুব একটা গণনায় ধরেনি। কেউ আশাই করেনি, দলটি শেষ ১৬-তে জায়গা করে নিতে পারবে। সবাইকে অবাক করে দিয়ে প্রথম রাউন্ডের বাধা টপকিয়েছে এশিয়ার এ দেশটি। তাও আবার বাঁচা-মরার লড়াইয়ে ডেনমার্কের মতো দেশকে বিদায় করে! সবচেয়ে বড় কথা ডেনমার্কের বিপক্ষে, দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করে নিজের জাত চিনিয়েছেন জাপানের এই মিডফিল্ডার। ক্যামেরুনের বিপক্ষেও জয়সূচক গোলটি এসেছিল এই হোন্ডারই পা থেকে।তবে নিজেকে মাটিতেই রাখতে চান হোন্ডা। দলকে এত বড় সাফল্য এনে দিয়েও যেন তৃপ্ত হতে পারছেন না তিনি। জাপান দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাওয়ায় দেশজুড়ে আনন্দের বন্যা বইলেও জাপানের লক্ষ্য যে অনেক দূরে তা জানিয়ে দিয়েছেন কিউসুকে হোন্ডা। রয়টার্সকে হোন্ডা বলছেন, ‘আমি খুব বেশি খুশি হতে পারছি না। কারণ, আমাদের কাজ এখনো শেষ হয়নি। ধাপে ধাপে আমাদের আরও দূরে যেতে হবে। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার কথা ভাবছি আমরা।’ হোন্ডার সুরে সুর মিলিয়ে কোচ তাকেশি ওকাদা বলছেন, ‘আমাদের কাজ এখনো শেষ হয়নি। যা অর্জন করেছি, তার প্রেরণা নিয়েই সামনে এগিয়ে যাব আমরা।’