তার পরও হারল রাসেল!
মাঠে দর্শক-খরা। জমজমাট আবহ হারিয়ে গেছে। তবে এর মধ্যেই নীরবে কাল দারুণ একটা ম্যাচ হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।শেখ রাসেল দুবার এগিয়ে গিয়েছিল। শেখ জামাল দুবারই ম্যাচে ফিরেছে। ২-২ অবস্থায় ৬৫ মিনিটে শেখ জামাল আবার ১০ জনের দলে পরিণত। রাসেলের সামনে জয়ের সুবর্ণ সুযোগ। ম্যাচের ধারা অনুযায়ী জেতার কথা রাসেলেরই। কিন্তু উল্টো বদলি খেলোয়াড় মিশুর গোলে জিতে গেল জামাল। ৭ মিনিটে আনোয়ার একক প্রচেষ্টায় শেখ রাসেলকে এগিয়ে দিলেন। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই গোল করে আসেন তরুণ স্ট্রাইকার। আগের তিনটি ম্যাচেই ১-০ ব্যবধানে হেরে যাওয়া রাসেল জয়ে ফেরার আশায় তখন বুক বেঁধেছে।কিন্তু আনন্দটা মুছতে সময় লাগেনি। ১৮ মিনিটে শরিফের ঠেলে দেওয়া বল কেস্তার জালে ঠেলেন। ১-১ ম্যাচটা ২-১ হলো ৬৩ মিনিটে। ইউসুফের ক্রসে এমাকো পা লাগিয়ে রাসেলকে আবার জয়ের স্বপ্ন দেখান। মিনিট দুয়েক পরই রাজু লাল কার্ড দেখলে জামাল ১০ জনের দল হয়ে যায়। খানিক পরই রাসেলের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে কেস্তারের ব্যাকভলিতে ২-২।নাটকের শেষ অঙ্কটা মঞ্চস্থ হয় ৮২ মিনিটে। মাত্রই বদলি হিসেবে মাঠে আসা ডিফেন্ডার মিশুর আলতো টোকায় স্কোরলাইন ৩-২। এই জয়ে ৮ ম্যাচে জামালের সংগ্রহ দাঁড়াল ১০ পয়েন্ট। অন্যদিকে শেখ রাসেল টানা চারটি ম্যাচ হেরে আরও খাদের কিনারায়। ৮ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট—শিরোপা আশা তো শেষই, সেরা চারে থাকাও কঠিন শেখ রাসেলের জন্য। অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়া গোলরক্ষক আমিনুল এ ম্যাচটি খেলতে ঢাকায় এসেছিলেন। কাল ম্যাচ খেলে রাতেই ফিরে গেছেন সিঙ্গাপুর। আমিনুল মাঠে থাকাটা দলের জন্য ছিল বাড়তি আত্মবিশ্বাস। তবে কেস্তার দুই গোল করে দলকে জেতালেও বিদেশিদের পারফরম্যান্স নিয়ে পুরো খুশি নন কোচ আবু ইউসুফ। ওদিকে শেখ রাসেলের কোচ মারুফুল হক টানা হেরে যাওয়ায় একটা কারণই খুঁজে পেয়েছেন, ‘হয়তো আমারই ব্যর্থতা। আমি খেলোয়াড়দের ভালোভাবে বোঝাতে পারি না, আমি কী চাই। আমার চাওয়া একটাই—নিচ থেকে বিল্ডআপ করে আক্রমণ। এটাই আমরা পারছি না। প্রতিপক্ষের একজন খেলোয়াড় কম, তবু আমরা জিততে পারলাম না। এটা অনেক বড় ব্যর্থতা।’