
চোটের কারণে গতবার খেলা হয়নি অস্ট্রেলিয়ান ওপেনে। চোট সেরেছে, ফিরেছেন রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা ফিরেছেন আরও দুর্বার হয়ে। সাত মাস টেনিস থেকে দূরে থাকার পর ফিরেই ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনসহ ১০টি শিরোপা জিতেছেন লাল দুর্গের রাজা। নোভাক জোকোভিচকে হটিয়ে র্যাঙ্কিয়ের এক নম্বর স্থানটাও দখলে নিয়েছেন। নাদালের সামনে এখন জোকোভিচের আরেকটি দুর্গ দখলের হাতছানি। গত তিন বছরই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঠেছে জোকোভিচের হাতে। ২০১২ সালের ফাইনালে এই সার্বিয়ানের কাছেই ছয় ঘণ্টার এক মহাকাব্যিক লড়াইয়ে হেরেছিলেন নাদাল।
দুই বছর পর নাদাল মেলবোর্নে ফিরেছেন ফেবারিট হিসেবেই, বছরের প্রথম গ্র্যান্ড স্লামে শীর্ষবাছাইও তিনি। নাদাল, জোকোভিচ, ফেদেরার, মারে—‘বিগ ফোরে’র মধ্যে এবার নাদালই ব্যতিক্রম। একমাত্র তিনিই যে তারকা কোচবিহীন। অ্যান্ডি মারে-ইভান লেন্ডলের দেখানো পথে জুটি বেঁধেছেন জোকোভিচ-বেকার, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার শরণ নিয়েছেন স্টেফান এডবার্গের। এক নাদালই আস্থা রেখেছেন চাচা টনি নাদালের ওপর। তারকা কোচদের তারকা শিষ্যদের বিপক্ষে নাদালের লড়াই দেখার অপেক্ষাতেই এখন টেনিস-বিশ্ব। ১৪ জানুয়ারি শুরু অস্ট্রেলিয়ান ওপেন। বাছাই চূড়ান্ত হয়েছে পরশু। পুরুষ বিভাগে এক নম্বর বাছাই রাফায়েল নাদাল, মেয়েদের বিভাগে সেরেনা উইলিয়ামস।
নতুন মৌসুম শুরু হতে না-হতেই গ্র্যান্ড স্লাম। ছন্দ ও ফিটনেস ফিরে পেতে সংগ্রাম করা খেলোয়াড়দের জন্য একটু কঠিনই হয়ে যায় মানিয়ে নেওয়া। নাদালও স্বীকার করে নিলেন সেটা, ‘এটা কঠিন, কারণ অস্ট্রেলিয়ান ওপেনটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যায়। এটা একটু দেরিতে শুরু হলে ভালো হতো। এটা আপনার খেলা বছরের দ্বিতীয় মাত্র দ্বিতীয় টুর্নামেন্ট ও অন্যতম গুরুত্বপূর্ণও বটে। তাই এটা একটু অদ্ভুতই বটে।’ এএফপি।