তারকা কোচে আগ্রহ নেই নাদালের

ইভান লেন্ডলকে কোচ করার পরই ভাগ্য ফিরেছে অ্যান্ডি মারের। ঘুচেছে ব্রিটিশদের গ্র্যান্ড স্লাম হাহাকার। কিছুদিন আগে মারের দেখানো পথেই হাঁটলেন নোভাক জোকোভিচ। আবারও বিশ্বসেরা হতে সার্বিয়ান গুরু মেনেছেন বরিস বেকারকে। তবে সাবেকদের শরণ নেওয়ার এই পথে পা ফেলতে রাজি নন বিশ্বের শীর্ষ পুরুষ খেলোয়াড় রাফায়েল নাদাল। লাল দুর্গের রাজার পূর্ণ আস্থা বর্তমান কোচ চাচা টনি নাদালের ওপর।
টেনিসে হাতেখড়ি থেকে ১৩টি গ্র্যান্ড স্লাম জয় টনির হাত ধরে পাওয়া। মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এখন সংযুক্ত আরব আমিরাতে নাদাল। সেখানেই পরশু গালফ নিউজকে নিজের ভাবনাটা জানালেন বিশ্বসেরা খেলোয়াড়, ‘গ্রেট চ্যাম্পিয়নদের ট্যুর গেমে পাওয়াটা দারুণ ব্যাপার। তারা খেলাটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেন। এই মৌসুমে ইভান ও বরিসকে এখানে পাওয়াটা বেশ বড় ব্যাপার। এটা ভালো, ট্যুরে এটা ভালো ফলই দেয়।’ এএফপি।
তবে টেনিসটা যে ব্যক্তিগত খেলা, সেটা মনে করিয়ে দিয়ে ব্যাখ্যা করেছেন নিজের অবস্থান, ‘যাই হোক, আমি আস্থা রাখব আমার দলের ওপরই। আমি সব সময়ই মনে করি খারাপ খেললে সেটা আমারই দোষ। আর যখন জিতি সবকিছু ঠিকঠাক হয় বলেই জিতি। ক্যারিয়ারের সব সাফল্য আমি এই একটা দল (কোচিং স্টাফ) নিয়েই পেয়েছি। এই দলের সঙ্গে ভালো-খারাপ দুটি অভিজ্ঞতাই হয়েছে। আমি জানি কোনো কিছু খারাপ গেলে সেটার জন্য আমিই সবচেয়ে বেশি দায়ী।’
তবে শুধু মারে-জোকোভিচই নয়, সম্প্রতি সময়ে রজার ফেদেরার কাজ করেছেন স্টিফেন এডবার্গের সঙ্গে। রিচার্ড গ্যাসকেট কোচ করেছেন সের্জি ব্রুগেরাকে। জাপানের কেই নিশিকোরি কোচ করেছেন মাইকেল চ্যাংকে।