বড় মাপের খেলোয়াড়েরা কি বড় মাপের কোচ? কি ফুটবল, কি ক্রিকেট—ক্রীড়াঙ্গনের সব ক্ষেত্রেই এটা চিরন্তন এক প্রশ্ন। আগামী পরশু থেকে শুরু ক্লে কোর্টের গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেন সামনে রেখে আমেরিকান টেনিস গ্রেট আন্দ্রে আগাসিকে কোচ করেছেন নোভাক জোকোভিচ। টেনিসেও এ প্রশ্নটার উত্তর মিলিয়ে দেখতে পারেন টেনিসে তারকা খেলোয়াড়ের তারকা কোচদের সাফল্য-ব্যর্থতার হিসাব কষে—

নোভাক জোকোভিচ-বরিস বেকার
আন্দ্রে আগাসির সঙ্গে জুটি বাঁধার আগে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের কোচ ছিলেন জার্মান টেনিস গ্রেট বরিস বেকার। তিন তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হার আর র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে ছিটকে পড়ার পর ২০১৩ সালের ডিসেম্বরে জোকোভিচ শরণ নেন বেকারের। এরপর ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী জোকোভিচের। তাঁর ১২টি গ্র্যান্ড স্লামের ছয়টিই এসেছে বেকারের সান্নিধ্যে থেকে। ২০১৬ সালের ডিসেম্বরে দুজনের ছাড়াছাড়ি, আবার যেন ছন্দহীন জোকোভিচ। সেই ছন্দ ফিরে পেতেই আগাসিকে কোচ করা।

অ্যান্ডি মারে-ইভান লেন্ডল
একটা সময় নাদাল-ফেদেরারের কাছে হারাটাই যেন নিয়তি ছিল অ্যান্ডি মারের। একবার আক্ষেপও করেছিলেন, ‘নাদাল-ফেদেরার থাকতে গ্র্যান্ড স্লাম আর জেতা হবে না আমার।’ বিশ্ব টেনিস-মঞ্চে সেই মারের নিজেকে মেলে ধরা শুরু মূলত আটটি গ্র্যান্ড স্লামজয়ী ইভান লেন্ডলের অধীনেই। চেক এই কোচের সঙ্গে জুটি বাঁধার পর প্রথম অলিম্পিকের (লন্ডন ২০১২) সোনা জিতেছেন মারে। জিতেছেন প্রথম গ্র্যান্ড স্লাম (২০১২ ইউএস ওপেন), ৭৭ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ হিসেবে উইম্বলডনও (২০১৩)। অন্য কাজ থাকায় ২০১৪ সালে ছেড়ে গেলেও গত বছর আবারও মারের সঙ্গে জুটি বেঁধেছেন লেন্ডল। ফল—আরেকটি অলিম্পিক সোনা, আরেকটি উইম্বলডন শিরোপা এবং র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা।

রজার ফেদেরার-স্টেফান এডবার্গ
তাঁর খেলা দেখেই বড় হয়েছেন, রজার ফেদেরারের ‘আদর্শ’ও তিনিই। সেই স্টেফান এডবার্গ সুইস তারকার সঙ্গে জুটি বাঁধেন ২০১৪ সালে। ক্যারিয়ার-সূর্যটা যখন মধ্যগগন থেকে হেলে পড়তে শুরু করেছে, তখন কোচ হয়ে ফেদেরারকে গ্র্যান্ড স্লাম জেতাতে পারেননি। তবে এই সময়ে ১১টি এটিপি শিরোপা জিতিয়েছেন। অন্যান্য ব্যস্ততার কারণে গত ডিসেম্বরে ফেদেরারের কোচিং দল থেকে নিজেকে সরিয়ে নেন সুইডিশ এই টেনিস গ্রেট।

কেইনি শিকোরি-মাইকেল চ্যাং
কেই নিশিকোরি নামটা অপরিচিত নয়। কিন্তু টেনিসের বড় মঞ্চে কেমন যেন ‘আনকোরা’ জাপানের এই তারকা—শিরোপা জিততে পারেন না! ২০১৪ সালে আমেরিকান টেনিস গ্রেট মাইকেল চ্যাংকে পরামর্শক কোচ করার পর নতুন করে নিজেকে চেনানো শুরু নিশিকোরির। ওই বছরই এশিয়ার প্রথম পুরুষ প্রতিযোগী হিসেবে গ্র্যান্ড স্লামের (২০১৪ ইউএস ওপেন) ফাইনালে ওঠা, পরের বছর প্রথমবারের মতো উঠে আসা র্যাঙ্কিংয়ের চারে। আর চ্যাংয়ের সঙ্গে কাজ শুরুর পর এ পর্যন্ত জিতেছেন আটটি এটিপি শিরোপা।

মিলোস রাওনিচ-জন ম্যাকেনরো
২০১৬ সালে উইম্বলডনের আগে অল্প সময়ের জন্য কানাডার টেনিস প্রতিযোগীর কোচ হয়েছিলেন সাতটি গ্র্যান্ড স্লামজয়ী জন ম্যাকেনরো। তাতেই বোঝা গেছে তাঁর উপস্থিতির আলো! প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে (২০১৬ উইম্বলডন) উঠে আসেন মিলোস রাওনিচ। শিরোপা জিততে না পারলেও বছরটা রাওনিচ শেষ করতে পেরেছিলেন র্যাঙ্কিং-সেরা অবস্থান তিনে থেকে।