তারকা তৈরির বিশ্বকাপ ১৯৯২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ নতুন তারকা জন্ম দেওয়ার তীর্থক্ষেত্র। ক্রিকেটের সবচেয়ে বড় এ আসরে চিরদিনই অনেক তারকার জন্ম হয়েছে। এঁরা নিজেদের নৈপুণ্যের বলেই স্থান করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসের খেরো খাতায়। তবে এ ব্যাপারে ক্রিকেটের নতুন যুগের সূচনাকারী ১৯৯২ সালের বিশ্বকাপ বোধ হয় ছাড়িয়ে গিয়েছিল অতীতের অন্য আসরগুলোকেও। ১৯৯২ সালের বিশ্বকাপটি ক্রিকেটের অনেক মহা তারকারই প্রথম বিশ্বকাপ ছিল। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, ইনজামাম-উল হক, আমির সোহেল, মঈন খান, মুশতাক আহমেদ, সঞ্জয় মাঞ্জেরেকার, জাভাগাল শ্রীনাথ, অজয় জাদেজা, আকিব জাভেদ, বিনোদ কাম্বলি, সনত্ জয়াসুরিয়া, অ্যান্ডি ফ্লাওয়ার, ক্রিস লুইস, নেইল ফেয়ারব্রাদার, মার্ক ওয়াহ—এঁরা সবাই ’৯২-এর বিশ্বকাপকেই বেছে নিয়েছিলেন নিজেদের প্রমাণের ক্ষেত্র হিসেবে। পরবর্তী একটি যুগ ক্রিকেট বিশ্বে তাঁরা রাজত্ব করেছেন স্ব-মহিমায়। আজ ২০১১ সালে এসে একমাত্র শচীন টেন্ডুলকার ছাড়া সবাই ক্রিকেটকে বিদায় জানালেও ১৯৯২ সালের বিশ্বকাপে এঁদের মধ্যে কয়েকজনের পারফরম্যান্স বিশ্বকাপ ইতিহাসেরই অংশ হয়ে আছে।১৯৯২ সালের আগে ইনজামাম-উল হককে কে চিনত? আমাদের দেশের অনেকে ঠিকমতো তাঁর নামটি পর্যন্ত উচ্চারণ করতে পারত না। কিন্তু মাত্র কয়েকটি ম্যাচে তাঁর অবিস্মরণীয় পারফরম্যান্সই জানান দিয়ে দেয়—বিশ্ব ক্রিকেটে এক নতুন তারকার আগমনী বার্তা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের দ্বারপ্রান্তে থাকা পাকিস্তানকে একপ্রকার নিজের হাতেই ফাইনালে তুলে নিয়ে আসেন এই মুলতানি তরুণ। ৩৭ বলে ৬০ রানের এক ইনিংস খেলে তিনি প্রমাণ করেন বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতেই তিনি এসেছেন। সে সময়ের হিসাবে ৩৭ বলে ৬০ রান ছিল একপ্রকার অতিমানবীয় প্রচেষ্টাই। সেই পারফরম্যান্স দিয়ে তিনি ছাড়িয়ে যান আর সবাইকে। ক্রিকেট বিশ্ব অবাক হয়ে লক্ষ করে, দেখতে অলস-প্রকৃতির হলেও এই পাঞ্জাবি ছেলেটি ব্যাট হাতে কী ভয়ংকর হয়ে উঠতে পারে।ফাইনালে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে ৪২ রানের এক চকিত ইনিংস খেলে পাকিস্তানের স্কোরকে নিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের নাগালের একপ্রকার বাইরেই। পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস ইনজামামকে রাতারাতি নিয়ে যায় তারকাখ্যাতির সর্বোচ্চ পর্যায়ে। ২০০৭ সালে ক্যারিয়ারের শেষ পর্যন্ত একই দ্যুতি নিয়েই তিনি সগৌরবে বিচরণ করেছেন ক্রিকেট বিশ্বে। ইনজামামের মতো এক ক্রিকেটারকে উপহার দেওয়ার জন্য ’৯২-এর বিশ্বকাপের কাছে তাই ক্রিকেট বিশ্বের অনেক ঋণ।আমির সোহেলের ব্যাপারটিও অনেকটা এমনই। ’৯২-এর বিশ্বকাপের আগ দিয়েই তাঁর ক্রিকেটে অভিষেক। এর আগে পাকিস্তানের উদ্বোধনী জুটিতে চলছিল ভাঙাগড়ার খেলা। রমিজ রাজার একজন যোগ্য সহযোগীকে বাছাই করতে পাকিস্তানি নির্বাচকদের রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছিল। কিন্তু আমির সোহেলের আবির্ভাবে নির্বাচকেরা খুঁজে পান অন্যরকম এক নির্ভরতা। বাঁহাতি এই স্টাইলিশ ব্যাটসম্যান ১৯৯২ সালের বিশ্বকাপে নিজের পারফরম্যান্সের বলে নিজ দেশের বিশ্বজয়ের রাখেন অন্যতম প্রধান ভূমিকা। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি শত রান ও ভারতের বিপক্ষে লড়াকু অর্ধশত রান আমির সোহেলকে পরবর্তী এক দশক পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করে।ব্রায়ান লারার নামটা স্মরণ করতে দেরি হয়ে গেল। আশা করছি পাঠকেরা নিজ গুণেই ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ১৯৯২ সালের বিশ্বকাপই ব্রায়ান লারাকে পরিচিত করে তুলেছিল ক্রিকেট বিশ্বের কাছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ৮৮ রানের ইনিংস খেলার সময় ওয়াসিম আকরামের একটি ভয়ানক ইয়র্কারে আহত হন তিনি। তাঁর আগেই মোটামুটি নিজের জাত চিনিয়ে দেন ক্রিকেটের এই বরপুত্র। ওয়েস্ট ইন্ডিজ ১৯৯২ সালের বিশ্বকাপে সাফল্য না পেলেও এর পরের চার বছরেই ব্রায়ান লারা ক্রিকেটের ব্যাটিং সংশ্লিষ্ট সেরা কীর্তিরই মালিক বনে যান। টেস্ট ক্রিকেটে ৩৭৫ রান করে তত্কালীন সময়ে পরিণত হন এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিকে। এরপর তিনিই তাঁর নিজের রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন স্ব-মহিমায়। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি তিনি আজও তাঁর মালিকানাতেই রেখে দিয়েছেন। আর, খেলোয়াড় হিসেবে তিনি কোন পর্যায়ের ছিলেন, সেটা কি কাউকে নতুন করে বলে দিতে হয়!সব মিলিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপ আলাদা করে স্মরণীয় আছে নতুন কয়েকজন তারকার জন্মগাঁথাতেই। ইনজামাম, আমির সোহেল ও ব্রায়ান লারার মতো তারকাদের সাফল্য মঞ্চ হিসেবে অস্ট্রেলিয়া- নিউজিল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপটি একটু আলদা হয়েই রইবে সব সময়।