তারকা ব্যাটসম্যানদের ব্যাট নীরব
প্রথম রাউন্ডের ৬টি ম্যাচ শেষেও প্রিমিয়ার ক্রিকেট লিগ এখনো রং-রোমাঞ্চহীন। অপ্রত্যাশিত বা অঘটন বলা যায়, এমন কিছুই ঘটেনি এখনো। অনুজ্জ্বল তারকা ব্যাটসম্যানরাও। জাতীয় লিগের ওয়ানডেতে জাতীয় দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠলেও লিগে সেই ছবিটি নেই। ব্যতিক্রম কেবল পরশু অপরাজিত ৮৭ রান করা বিমানের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।কালকের তিনটি ম্যাচের দিকেই তাকান। রাজশাহীতে ভিক্টোরিয়ার বিপক্ষে গাজী ট্যাংকের ৩৯ রানের জয় কিংবা বগুড়ায় বিকেএসপিকে কলাবাগানের ৯ উইকেটে হারানো—দুটোই প্রত্যাশিত ফলাফল। বিকেএসপির ম্যাচের দুই দল ওল্ড ডিওএইচএস আর সিসিএস শক্তির দিক দিয়ে কাছাকাছি হলে এ ম্যাচে ওল্ড ডিওএইচএসের ৬৪ রানের জয়টাও সহজসাধ্য। কালকের এই তিন ম্যাচে জাতীয় দল বা তার আশপাশের ক্রিকেটারদের মধ্যে সেরা পারফরম্যান্স গাজী ট্যাংকের হয়ে অলক কাপালির ৫০ রান।তারকা এবং উঠতি ক্রিকেটারদের সম্মিলনে গড়া গাজীতে অলক ছাড়াও আছেন শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, নাসির হোসেন, সৈয়দ রাসেলদের মতো ক্রিকেটার। কিন্তু প্রথম ম্যাচে তাঁদের ২৩২ রানের ইনিংসে অলকের ৬০ বলে খেলা ৫০ রানের ইনিংসটাই বলার মতো। বাকিদের মধ্যে সাব্বিরের ৩৯, নাঈমের ৩২ আর নাসিরের ৩০ রান বড়জোর ‘উল্লেখযোগ্য’র মর্যাদা পেতে পারে। শাহরিয়ার তো ৩ বল খেলে কোনো রান না করেই ফিরেছেন ড্রেসিংরুমে। ৩০ রানে ৩ উইকেট হারানো গাজীকে শেষ পর্যন্ত জেতার মতো স্কোর এনে দিয়েছে দুটি জুটি—চতুর্থ উইকেটে সাব্বির-নাঈমের ৬৬ ও পঞ্চম উইকেটে সাব্বির-অলকের ৭৯ রান। বল হাতে ৪ উইকেট নেওয়া কামরুল ইসলামের (রাব্বি) সঙ্গে ম্যাচে ভিক্টোরিয়ার সেরা খেলোয়াড়ের তালিকায় থাকবেন মমিনুল (৬১) ও তারিক (৫২)। ৮৩ রানের ৫ উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটসম্যানের ৭৯ রানের জুটিতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছে ভিক্টোরিয়া। গাজীর বাঁহাতি স্পিনার সানজামুলের ৪ উইকেট নেওয়াটাকে বড় বাধা বলতে পারেন সেই লড়াইয়ের সামনে।জাতীয় দলের ক্রিকেটারদের তো নয়ই, বিকেএসপিতে উল্টো শাসন চলল পাকিস্তানি ক্রিকেটারদের! ওল্ড ডিওএইচএসের ২৫১ রানের ইনিংসে সর্বোচ্চ ৭৭ রান যেমন পাকিস্তানি ওপেনার বেলাল হোসেনের, আবার ১৮৭ রানে অলআউট সিসিএসের সর্বোচ্চ রানও আরেক পাকিস্তানি ওপেনার শাহবাজ বাটের (৪৪)। ব্যাট হাতে ৪৩ রান আর বল হাতে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ওল্ড ডিওএইচএসের রাশেদ হানিফ তো অলরাউন্ড নৈপুণ্যই দেখালেন! তবে এ ম্যাচে সবার দৃষ্টিটা ছিল সিসিএসের মোহাম্মদ আশরাফুল আর ওল্ড ডিওএইচএসের আফতাব আহমেদের ওপরই। জাতীয় দলের অন্য ব্যাটসম্যানদের তুলনায় অবশ্য নিজেদের প্রথম ম্যাচে খুব হতাশ করেননি তাঁরা। তিন চার ও এক ছক্কায় ৩৭ বলে ২৯ রান করেছেন আফতাব। রানআউট হওয়ার ঠিক আগের বলে মারা একটি চারসহ আশরাফুল ৩৭ বলে করেছেন ২৫ রান।দিনের সবচেয়ে একপেশে ম্যাচটি হয়েছে বগুড়ায়। বিকেএসপির ১১৮ রানের জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ২০.৪ ওভারেই জিতে যায় কলাবাগান। এর মধ্যেই অবশ্য কলাবাগানের ওপেনার নাজমুস সাদাত পেয়েছেন ফিফটির দেখা (৫৩)।আজ লিগে বিরতি। দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আগামীকাল ও পরশু।সং ক্ষি প্ত স্কো রগাজী ট্যাংক: ৫০ ওভারে ২৩২/৮ (অলক ৫০, সাব্বির ৩৯, বীরারত্নে ৩২*, নাঈম ৩২, নাসির ৩০; রাব্বি ৪/৪১, মনির ২/৩১, আরসালান ১/৩২, সামি ১/৩৯)। ভিক্টোরিয়া: ৪৯.৪ ওভারে ১৯৩ (মমিনুল ৬১, তারিক ৫২, আরসালান ২৫; সানজামুল ৪/৫০, আল আমিন ২/১৬, বীরারত্নে ২/৩৫, রাসেল ১/৩৪)। ফল: গাজী ট্যাংক ৩৯ রানে জয়ী।ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২৫১/৭ (বেলাল ৭৭, রাশেদ ৪৩, তানভীর ৩৪, মেহরাব ৩৩, আফতাব ২৯; ওয়াকাস ২/৩৩, আশরাফুল ২/৪৩, শুভাগত ১/৫, রবিউল ১/৪৯)। সিসিএস: ৪৫.৫ ওভারে ১৮৭ (শাহবাজ ৪৪, অমিত ৪১, তাপস ঘোষ ২৬, আশরাফুল ২৫, নাজমুল ২৫; রাশেদ ৫/৩৩, শফিউল ৩/২৭, তানভীর ১/১৩)। ফল: ওল্ড ডিওএইচএস ৬৪ রানে জয়ী।বিকেএসপি: ৪২.৫ ওভারে ১১৮ (আবিদ ২৫, সৌম্য ২১; মাহমুদুল ২/১৪, আরাফাত ২/২৩, শরীফ ২/২৪, শাহাদাত ২/২৭, ইজাজ ১/৩, জাভেদ ১/৪)। কলাবাগান: ২০.৪ ওভারে ১২১/১ (নাজমুস ৫৩, নাসিরউদ্দিন ৪৮*, জাভেদ ১৩*; জাকারিয়া ১/১৮)। ফল: কলাবাগান ৯ উইকেটে জয়ী।