তারকা মেসিকে চান ক্যানিজিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেহারার মধ্যে আদুরে ছোট ভাইসুলভ একটা ব্যাপার আছে। কথাবার্তাতেও লিওনেল মেসি একই রকম বিনয়ী ও শিশুসুলভ সরল। এর জন্য কোনো সমস্যা তাঁকে পোহাতে হয় না। কারণ, বার্সেলোনাতে এই ‘ছোট ভাই’য়ের দেখভাল করার জন্য আন্দ্রেস ইনিয়েস্তা, জাভির মতো ‘বড় ভাই’ আছেন। কিন্তু আর্জেন্টিনায়?এই প্রশ্নটাকেই এখন বড় করে দেখছেন নব্বই বিশ্বকাপের তারকা ক্লদিও ক্যানিজিয়া। লিওনেল মেসি যে এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার, তা নিয়ে ক্যানিজিয়ার মনের মধ্যে কোনো সংশয় নেই। কিন্তু তিনি মেসির মধ্যে বিশ্বকাপজয়ী তারকাসুলভ নেতৃত্ব দেখতে পাচ্ছেন না।ম্যারাডোনার সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে ইতালি বিশ্বকাপের ফাইনালে তোলা ক্যানিজিয়া মেসিকে বর্ণনা করেছেন, ‘একজন অসাধারণ খেলোয়াড়। যেকোনো জায়গায় খেলতে পারে, যেকোনো কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারে। সর্বোপরি ওর অনেক বৈচিত্র্য আছে। ও একাই একটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আজকের দিনে ও-ই নম্বর ওয়ান।’এই ‘নম্বর ওয়ান’ আর্জেন্টিনাকে আরেকটা বিশ্বকাপ এনে দিতে পারেন, সে বিশ্বাসও আছে ক্যানিজিয়ার। কিন্তু সমস্যাটা হলো, মেসি বার্সেলোনার মতো চাপমুক্ত থাকতে পারেন না আর্জেন্টিনা দলে, ‘এটা ঠিক যে ও চাপ নিতে অভ্যস্ত। কিন্তু বার্সেলোনায় তো অনেক চাপমুক্ত থাকে। ওখানে ওর পাশে জাভি থাকে, যার মতো মিডফিল্ডার এই দুনিয়ায় নেই। বার্সেলোনায় ওর পাশে ইনিয়েস্তাও থাকে। মেসি ক্লাবে একটা বাচ্চার মতো খেলে, যেখানে সবাই ওকে ভালোবাসে। এবং সবাই ওকে চাপমুক্ত রাখে।’ক্যানিজিয়ার বক্তব্য, আর্জেন্টিনায় বার্সেলোনার ওই আদুরে-ছেলের মতো থাকতে পারবেন না মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে হলে মেসিকে ‘বড় ভাই’ হয়ে উঠতে হবে, সত্যিকারের তারকা হয়ে উঠতে হবে বলে বলছেন ক্যানিজিয়া, ‘আমি বলছি না যে আর্জেন্টিনার জার্সি ওকে চাপে ফেলে দেয়। কিন্তু মাঝে মাঝে আমি যখন মেসির মুখের দিকে তাকাই, ওকে সেই তারকা বলে মনে হয় না। এটা কখনোই ভালো কিছু নয়।’বিশ্বকাপ জিততে গেলে কেমন তারকা হতে হয়, তা তো ম্যারাডোনাকে কাছ থেকে দেখেই জেনেছেন ক্যানিজিয়া। ওয়েবসাইট।