তারকাদ্যুতির জাতীয় লিগ
একটা উদ্দেশ্যে সফল বিসিবি। খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসের সুযোগ করে দিতে বিশ্বকাপের আগে ওয়ানডেকে গুরুত্ব দিয়ে করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের সূচি। সদ্য শেষ জাতীয় লিগের এক দিবসী টুর্নামেন্ট সেই সুযোগ শুধু করেই দেয়নি, সুযোগটা কাজে লাগিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররাও।ঘরোয়া ক্রিকেটে বেশির ভাগ সময় যেটা হয় না, সেটাই হয়েছে এবারের জাতীয় লিগে। সেরা পারফর্মারদের তালিকায় জাতীয় দলের ক্রিকেটাররা মোটামুটি চোখে পড়ার মতো অবস্থায় আছেন। তবে চাঁদেরও যেমন অতৃপ্তি আছে, জাতীয় দলের খেলোয়াড়দের জন্য সে রকম অস্বস্তি হয়ে আছে দুটি নাম। ৮ ম্যাচে ৬৫.৫ গড়ে ৩৯৩ রান করে ব্যাটসম্যানদের তালিকায় সবার ওপরের নামটি যাঁর, তিনি যে জাতীয় দলের কেউ নন! বরিশালের ফজলে মাহমুদ। সেরা বোলারদের তালিকায়ও প্রথম নামটি একই দলের মনির হোসেনের। ৩৫৩ রানে মোট ১৭ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।জাতীয় লিগের ঠিক আগে আগে মোহাম্মদ আশরাফুলের কাছে ক্রিকেটটা খুব আনন্দের ছিল না। রান না পাওয়ার হতাশায় ভুগছিলেন। তবে জাতীয় লিগের ওয়ানডে টুর্নামেন্টের পর আশরাফুলের কাছে আছে স্বস্তি ও আনন্দ। ঢাকা দলের শিরোপা পুনরুদ্ধারে বড় অবদান রেখেছেন ৭ ম্যাচে ৩৩১ রান করে (গড় ৬৬.২)। সেঞ্চুরি করেছেন একটা, ফিফটি দুটি। আশরাফুলের জন্য এই জাতীয় লিগ আত্মবিশ্বাসের জ্বালানি হবে অবশ্যই। শিরোপা জেতার পর তিনি বলেছেন, ‘আশা করি, এই পারফরম্যান্স আমাকে জাতীয় দলে ফিরতে সাহায্য করবে।’আশরাফুলসহ সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় জাতীয় দলের আছেন মোট পাঁচজন। ৬ ম্যাচে এক সেঞ্চুরিসহ ৩১৪ রান করে রাজশাহীর মুশফিকুর রহিম লিগে তৃতীয় সর্বোচ্চ স্কোরার। এ ছাড়া মাহমুদউল্লাহ পাঁচ ম্যাচে এক সেঞ্চুরিসহ ২৩২, নাঈম ইসলাম ছয় ম্যাচে এক সেঞ্চুরিসহ ২০৩, জুনায়েদ সিদ্দিক ছয় ম্যাচে ২০২, রকিবুল তিন ম্যাচে ১৯১, শাহরিয়ার নাফীস সাত ম্যাচে ১৭৫, ইমরুল কায়েস চার ম্যাচে ১৪৬, আফতাব আহমেদ পাঁচ ম্যাচে ১৩৮, জহুরুল ইসলাম ছয় ম্যাচে ১৩০ ও অলক কাপালি পাঁচ ম্যাচে ১৩০ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বছরটা যাঁর দারুণ গেছে সেই সাকিব আল হাসান অবশ্য বেশ নিষ্প্রভই থাকলেন। চার ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৫৮!জাতীয় দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স আশাবাদী করছে লিগে তৃতীয় সর্বোচ্চ রান করা মুশফিকুরকে, ‘নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও দু-একজন ছাড়া আমাদের বেশির ভাগ ব্যাটসম্যান রান পায়নি। আমাদের তাই লক্ষ্যই ছিল জাতীয় লিগে ভালো পারফর্ম করা। আমার মনে হয় সেই লক্ষ্য অনেকটাই পূরণ হয়েছে। জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের আগে এটা সবার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’ব্যাটসম্যানদের তুলনায় জাতীয় দলের বোলারদের পারফরম্যান্স অবশ্য কিছুটা অনুজ্জ্বল জাতীয় লিগে। সেরা ১০ জনের মধ্যে জাতীয় দলের বোলার মাত্র তিনজন! মোহাম্মদ সোহরাওয়ার্দী ২০১ রানে নিয়েছেন ১২ উইকেট। নাঈম ১৬৮ রানে ১১ ও শাহাদাত হোসেন ১৯৮ রানে ১০ উইকেট নিয়েছেন। স্পিনারই বলুন কিংবা পেসার, জাতীয় দলের আর কোনো বোলারই পাননি ১০ বা তার চেয়ে বেশি উইকেট। মাহমুদউল্লাহ ৮, আশরাফুল ৭, সাকিব ৬ এবং আবদুর রাজ্জাক ৫ উইকেট পেয়েছেন।