তারকাপ্রথা ভাঙছেন ফ্লাওয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঙুলের চোট পেয়ে বোলিং করতে পারছেন না বেন স্টোকস। কিন্তু ঘরোয়া ক্রিকেটে এমনই পারফরম্যান্স, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলানো হলো ডারহাম অলরাউন্ডারকে। নতুন করে চোট পাওয়ায় শেষ ম্যাচটায় খেলতে পারলেন না। ম্যাচের আগের দিন খবর দিয়ে আনা হলো ২২ ছুঁই-ছুঁই জনি বেয়ারস্টোকে। ২১ বলে অপরাজিত ৪১ রানের চোখ ধাঁধানো এক ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচ-সেরা হলেন অভিষেকেই। দলে আসা-যাওয়ার মাঝে ছিলেন রবি বোপারা। ভারতের বিপক্ষে সিরিজে ৬৫.৬৬ গড় আর ১০১.৫৪ স্ট্রাইক রেটে দলের হয়ে সর্বোচ্চ ১৯৭ রান করার পর জায়গাটা এখন নিশ্চিত ভাবতেই পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক সব ইনিংস খেলে নজর কেড়েছেন জস বাটলার। টি-টোয়েন্টি অভিষেক হয়েছে, ওয়ানডে দলের দরজায়ও কড়া নাড়ছেন। কেভিন পিটারসেন আর এউইন মরগানের না থাকা যেন আশীর্বাদই ছিল ইংল্যান্ডের জন্য। সুযোগ পেয়ে ইংলিশ তরুণেরা জানিয়ে দিয়েছেন, তাঁরা প্রস্তুত। তারুণ্যে রোমাঞ্চিত অ্যান্ডি ফ্লাওয়ার সোজাসাপ্টা বলে দিয়েছেন, ধারাবাহিকতা না থাকলে সিনিয়রদেরও জায়গা হারাতে হবে। ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডের পর ইংল্যান্ডের কোচ সতর্ক করে দিয়েছেন তাঁর তারকা শিষ্যদের, ‘কেউ যদি যথেষ্ট ক্ষুধার্ত না হয়, আমার মনে হয় না সে দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে—হয় বাদ পড়ে যাবে অথবা বাদ দেওয়া হবে। ক্ষুধা থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এটা বাড়তি পরিশ্রম ও স্কিল অনুশীলন করতে সাহায্য করে। সামর্থ্যের চূড়ায় পৌঁছাতে সাহায্য করে।’শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে টেস্ট-ওয়ানডে সিরিজের পাশাপাশি একমাত্র টি-টোয়েন্টিও জিতেছে ইংল্যান্ড। অসাধারণ এই গ্রীষ্ম ফ্লাওয়ারের দলকে টেস্টে তুলে এনেছে শীর্ষে, ওয়ানডেতে পাঁচ থেকে চারে। দলের অর্জনে খুশি ইংল্যান্ডের জিম্বাবুইয়ান কোচ, কিন্তু উচ্ছ্বাসে ভেসে যেতে চান না, ‘আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি অনেক সময় বিপদ ডেকে আনে। আমাদের দর্শন হলো, সামনে তাকিয়ে চ্যালেঞ্জগুলো গ্রহণ করব, পেছন ফিরে তাকাব না। পেছনে তাকানো মানে ভবিষ্যতের জন্য পরিকল্পনা ঠিকমতো করা হচ্ছে না।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ ও ২৫ সেপ্টেম্বর দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্ম। এরপর আগামী মাসে ৫ ওয়ানডে ও একটি টি- টোয়েন্টির সিরিজ খেলতে যাবে ভারতে। ওয়েবসাইট।