তারকাহীন এক গেমসই তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া দলের তারকা অ্যাথলেট কারা?...পোল ভল্টের বিশ্ব চ্যাম্পিয়ন স্টিভ হুকার, বেইজিং অলিম্পিকে রুপাজয়ী মহিলা হার্ডলার সালে পিয়ারসন, ফ্রি-স্টাইল সাঁতারে বিশ্বের অন্যতম সেরা এমিলি সিবম, বাটারফ্লাইয়ে অলিম্পিক সোনাজয়ী জিওফ হুজেল...। ফিন ব্যাডশো নামগুলো বলে কিছুক্ষণ ভাবতে লাগলেন। ‘নাহ্, এই কজনই’—হেরাল্ড সান-এর সাংবাদিক আর খুঁজে পান না বলার মতো নাম। তাঁর চোখ চলে যায় টিভির পর্দায়। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলছে। রিকি পন্টিংরা চলমান টেস্টের প্রথম দিন যত চাপের মুখেই পড়ুক, অস্ট্রেলিয়ান রক্ত যে তাদের তাতিয়ে রাখে সারাক্ষণ, মনে করিয়ে দেন গর্বিত ব্যাডশো। মুখে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের স্তুতি।কমনওয়েলথ গেমস কাভার করতে এসে টেস্টেই কি বেশি মনোযোগ অস্ট্রেলিয়ানদের? সে উত্তর না-ই বা খোঁজা হলো, তবে জেনে রাখুন, এই গেমস অনেকটাই তারকাশূন্য। দিল্লির মানুষকে মাঠে টেনে নেবেন পতঙ্গের মতো, তেমন তারকা কই? নেভি কাপাদির কাছে এই প্রশ্ন ভুলেও করতে যাবেন না। খেপে গিয়ে বলবেন, ‘কেন সাইনা নেহ্ওয়াল, বিজেন্দর সিং, সুশীল কুমাররা আছে না! ওরা কম কীসে?’ অল ইন্ডিয়া রেডিওর এই ধারাভাষ্যকার হয়তো বাড়িয়ে বলেননি। ব্যাডমিন্টনে বিশ্বতারকা এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সম্প্রতি দ্বিতীয় স্থানে ওঠা সাইনা, গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার বিজেন্দর কিংবা হালের বিশ্ব কুস্তিতে সোনাজয়ী সুশীল কুমার তো ভারতীয়দের কাছে বড় তারকা হতেই পারেন। গত অলিম্পিক সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রার নামটা লেখা উচিত এঁদের সবার আগে। কিন্তু আরও আগে যে অনেক নাম ছিল, সবাইকে পেছনে ফেলে যাঁরা কেড়ে নিতে পারতেন আজ শুরু এই গেমসের সব আলো।শুরুর আগে নানা নেতিবাচক কারণে খবরে আসা দিল্লি গেমসটা হয়তো সমালোচনা থেকে একটু রেহাই পেতে পারত। বার্নার্ড স্টিভ সেটাই বলছিলেন, ‘বড় তারকারা এলে মিডিয়ার নজর ওদিকেই বেশি থাকত। গেমস ভিলেজে অ্যাথলেটদের খাট ভাঙা, ফুটওভার ব্রিজ আর ভিলেজে সাপ-টাপ পাওয়া নিয়ে নিউজ তখন হয়তো অত বড় করে আসত না।’১৯তম কমনওয়েলথের মঞ্চে নেই বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট, তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী আসাফা পাওয়েলও এলেন না। কাস্টার সেমেনিয়াও শেষ পর্যন্ত নেই, দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার পুরুষ না মহিলা এ নিয়ে কত কী হলো সম্প্রতি! ‘নেই’র তালিকায় আছেন অস্ট্রেলিয়ার মহিলা ডিসকাস থ্রোয়ার বিশ্ব চ্যাম্পিয়ন ডানা স্যামুয়েল, পুরুষ ট্রিপল জাম্পে অলিম্পিক রুপাজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপ আইডু...।২০০ ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে বড় নাম ইংল্যান্ডের রেবেকা অ্যাডলিংটন, ব্রেস্ট স্ট্রোকে ডাবল অলিম্পিক সোনাজয়ী সাঁতারু লিজেল জোন্স আছেন এই গেমসে। তাঁদের উপস্থিতিও গেমসের ঔজ্জ্বল্য বাড়াচ্ছে না বলে রায় দিলেন ব্রিটিশ ধারাভাষ্যকার স্টুয়ার্ট বেনটিন, ‘বোল্টরা এলে আকর্ষণ বাড়ত গেমসের। এখন যারা আছে, তারা মুখে মুখে ফেরার মতো নাম নয়।’ টেনিসও তেমন আলোচিত নয়, তার পরও অ্যান্ডি মারে, হিউয়িটরা এলে নিশ্চয়ই টেনিস কোর্টে বাড়তি আলো পড়তই। কিন্তু দিল্লি গেমসের ওপর অনীহা দেখিয়ে এরাও যে এলেন না।১৭টি খেলার মধ্যে কোন খেলাগুলো এখানে দর্শক আকর্ষণের কেন্দ্রে থাকবে? এটা আসলে নির্ভর করবে স্বাগতিকেরা কোন খেলটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তবে যা-ই হোক, ‘হকিটা জমবে ভালো। পাকিস্তান আছে, আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া’—বলছিলেন সুশান্ত সিনহা, এক স্বেচ্ছাসেবী। শ্যুটিং-কুস্তি-ব্যাডমিন্টনেও আশা আছে ভারতীয়দের। ক্রিকেটের টি-টোয়েন্টির মতো ১৫ মিনিটের খেলা ‘রাগবি সেভেন’ নিয়ে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ রাগবি দুনিয়ার বিশ্বসেরা দলগুলো।মাঠে মাঠে প্রতিদ্বন্দ্বিতার আঁচ পাওয়া যাচ্ছেই। কিন্তু একজন উসাইন বোল্ট, আসাফা পাওয়েল এলে গেমসটা যে রং পেত, সেটি পেল না দিল্লি গেমস।