তারপরও এটি ভারত পাকিস্তান ম্যাচ
এক দল ফুটবল খেলছে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে। আরেক দল মাত্র বছর পাঁচেক। সাফ মহিলা ফুটবলের ফেবারিট ভারতের সঙ্গে আজকের সেমিফাইনালে পাকিস্তানের তুলনাটা তাই বড্ড বেমানান। কিন্তু খেলাটা যেখানে যে মোড়কেই হোক, ভারত-পাকিস্তান ম্যাচে যে খেলা ছাপিয়েও থাকে মর্যাদার লড়াই!টানা তিনটি জয়ে ফেবারিট ভারত আছে আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে পাকিস্তান সেমিফাইনালে ওঠাটাকেই দেখছে বড় অর্জন হিসেবে। পরশু নেপালের কাছে ১২ গোলে বিধ্বস্ত হওয়ায় মনোবল খানিকটা কমে যেতে পারে, তবে পাকিস্তান অধিনায়ক সানা মাহমুদ ভারতের বিপক্ষে আজ বেলা দেড়টায় শুরু ম্যাচটিকে স্রেফ আরেকটি ম্যাচ হিসেবেই দেখছেন, ‘টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর মতোই আরেকটা ম্যাচ এটা। তা ছাড়া ভারত খুব শক্তিশালী দল। ওদের সঙ্গে আমাদের লড়াইটা ঠিক জমবে না।’ দলের কোচ তারিক লুতফি তো খেলার আগেই আত্মসমপর্ণ করলেন, ‘আমাদের মেয়েরা ভারতের চেয়ে অভিজ্ঞতায়, কৌশলে—সব দিকে পিছিয়ে। তবে আমরা চেষ্টা করব ভালো খেলা উপহার দিতে।’ভারতের স্ট্রাইকার সাসমিতা মালিক কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়েই আছেন, ‘আমি জানি পাকিস্তান দুর্বল দল। তার পরও এই দলের বিপক্ষে খেলার অপেক্ষায় আছি। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আমার কাছে অন্য রকম কিছু।’ তবে অধিনায়ক তাবাবি দেবী বলছেন, ‘পাকিস্তানের বিপক্ষে খেলা...এসব না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা খেলে ফাইনালে উঠতে চাই।’ মেয়েদের ফুটবলে এই দুই দল এর আগে একবারই মুখোমুখি হয়েছিল, গত সাফ গেমসে ঢাকায়। সেবার পাকিস্তান হেরেছিল ৬-০ গোলে।