তারপরও কাইজারের আশা
তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবার বেশ বেকায়দায় আছে। একে তো ইনজুরি কেড়ে নিয়েছে অধিনায়ক মাইকেল বালাককে, তার ওপর দলটিকে বলা হচ্ছে তরুণ; যাঁদের নিয়ে এবার তেমন আশা করছেন না অনেকেই। প্রথম রাউন্ড পেরোলেও দ্বিতীয় রাউন্ডেই এবার জার্মানির দৌড় থেমে যাবে—আগ বাড়িয়ে কেউ কেউ এমন ভবিষ্যদ্বাণীও করে ফেলছেন।তবে এই দলে নেই ফ্রেঞ্জ বেকেনবাওয়ার। জার্মানি দলের বেস ক্যাম্প ঘুরে দেশটির সাবেক তারকা বলে দিয়েছেন, এত সহজে জার্মানিকে বাতিলের খাতায় ফেলা যাবে না। ‘দলে তারুণ্যের প্রাচুর্য ও অভিজ্ঞতার অভাব আছে বটে, তবে প্র্যাকটিস ম্যাচগুলোয় ওরা নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। শরীরী ভাষায় ঠিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস, যেটা এ মুহূর্তে জার্মানির জন্য সবচেয়ে বড় দিক’—বলেছেন অধিনায়ক এবং কোচ হিসেবে একমাত্র বিশ্বকাপজয়ী বেকেনবাওয়ার।এমনকি এই দল নিয়েই জার্মানি সেমিফাইনাল পর্যন্ত অনায়াসেই চলে যেতে পারে, এমনই মনে হচ্ছে তাঁর। ‘সর্বোচ্চ পর্যায়ের খেলায় অভিজ্ঞ খেলোয়াড়েরাও মাঝেমধ্যে ভেঙে পড়ে, তখন স্কিলের সঙ্গে দরকার হয় সৌভাগ্যের। জার্মানির এই তরুণ দলটির স্কিল নিয়ে আমার কোনো সংশয় নেই। দরকার সামান্য ভাগ্যের সহযোগিতা। তা যদি হয়, আমি এখনই সেমিফাইনালের ঘ্রাণ পাচ্ছি’—বিশ্বকাপে নিজের দেশকে নিয়ে এমনই আশার কথা শোনালেন তিনি। ওয়েবসাইট।