তারা খেলবেন মাথায়

ইয়ুর্গেন ক্লিন্সমান নিশ্চয়ই খুশি হবেন? কিন্তু খুশির উল্টো পিঠে একটু কি বুক জ্বলুনিও হবে না? নির্দোষ ঈর্ষার জ্বলুনি!
আজ জিতে গেলেই জোয়াকিম লোর নাম উঠে যাবে সেই তিন সংক্ষিপ্ত জার্মান কোচের অভিজাত তালিকায়৷ সেপ হারবার্গার, হেলমুট শোন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার; পাশেই লো! অথচ অখ্যাত লোকে খুব বেশি মানুষ চিনত না৷ জাতীয় দলে তো সুযোগই মেলেনি৷ ক্লাব পর্যায়েও ডাকাবুকো কেউ ছিলেন না৷ তাঁকে অখ্যাতির আঁধার থেকে তুলে এনেছেন ক্লিন্সমানই৷
একটা কোচিং স্কুলে কয়েক মিনিট কথা বলেই ক্লিন্সমান মুগ্ধ হয়ে যান ফুটবল সম্পর্কে লোর দৃষ্টিভঙ্গি দেখে৷ ২০০৪ ইউরো ব্যর্থতার পর রুডি ফোলারের জায়গায় ক্লিন্সমান কোচ হওয়ার পর লোকে সহকারী বানান৷ ব্যর্থতা ঘুচে দিতে জার্মান ফুটবলের চিরায়ত খোলনলচেটাই বদলে ফেলেন দুজনে মিলে৷ ২০০৬ বিশ্বকাপে ক্লিন্সমান দায়িত্ব ছাড়ার পর লোকেই উত্তরসূরি ঘোষণা করেন। ভাবা যায়, সেই ক্লিন্সমান এই বিশ্বকাপে যখন দ্বিতীয় রাউন্ডটাকেই ‘বড় সফলতা’র তৃপ্তি নিয়ে ফিরে গেছেন, তাঁরই সাবেক সহকারী এখন অমরত্বের দুয়ারে!
আলেসান্দ্রো সাবেলাও খেলোয়াড় হিসেবে হাতিঘোড়া কেউ ছিলেন না৷ লোর মতো তিনিও মাঝমাঠেরই খেলোয়াড় ছিলেন৷ তবে দুজনের মধ্যে অমিলটাই বোধ হয় বেশি৷ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগেই সমীহ আদায় করেছেন সাবেলা৷ কোচিং ক্যারিয়ার শুরু করে প্রথম মিশনেই কোপা লিবার্তাদোরেস জিতেছেন৷ তাঁর ভাবগুরু ড্যানিয়েল প্যাসারেলা যেটা পারেননি, সাবেলা সেই আশ্চর্য জাদুমন্ত্রে ২৪ বছর পর আর্জেন্টিনাকে তুললেন ফাইনালে৷ কে জানে, হয়তো মেনোত্তি-বিলার্দোদের পাশে উঠে যাবে তাঁর নামও! এএফপি, রয়টার্স৷