তারা জ্বলছে, তারা নিভছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েলেনা ডকিচ, রবিন সোদারলিং—অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিনে মারিয়া শারাপোভাকে দিয়ে তারকা পতনের যে শুরু, তাতে কাল দ্বিতীয় দিনে যোগ হয়েছে এ দুটি নাম। শারাপোভার মতো বড় তারকা নন সোদারলিং। তবে এবারের অস্ট্রেলিয়ান ওপেন থেকে এ পর্যন্ত বাদ পড়া তারকাদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের খেলোয়াড় তিনিই। অষ্টম বাছাই সোদারলিংকে হারিয়েছেন স্পেনের অখ্যাত মার্সেল গ্রানোলার্স; ৫-৭, ২-৬, ৬-৪, ৬-৪ ও ৬-২ গেমে। ডকিচ সরাসরি সেটে (১-৬, ৫-৭) হেরেছেন রুশ তরুণী অ্যালিসা ক্লেবানোভার কাছে।ডকিচের সঙ্গে তুলনীয় হওয়ার মতো খেলোয়াড় নন, তবে ভারত উপমহাদেশের বড় টেনিস তারকা তো সানিয়া মির্জাই। সেই সানিয়া প্রথম রাউন্ডেই ৪-৬, ২-৬ গেমে হেরেছেন ফ্রান্সের আর্ভান রেজাইয়ের কাছে। দুই শীর্ষ বাছাই রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস নির্বিঘ্নে পেরিয়ে গেছেন প্রথম রাউন্ড। গতবারসহ এই টুর্নামেন্টে চারবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস মাত্র ৭৩ মিনিটে ৬-২ ও ৬-১ গেমে হারিয়েছেন পোল্যান্ডের উরসুলা রাদোয়ানস্কাকে। বড় বোন ভেনাস উইলিয়ামসও জিতেছেন সরাসরি সেটে, চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভার বিপক্ষে জিততে ছোট বোনের চেয়ে এক মিনিট সময় কম লেগেছে তাঁর।রাশিয়ার ইগর আনদ্রিভের বিপক্ষে অত সহজ জয় পাননি ফেদেরার। যেতে হয়েছে চতুর্থ সেট পর্যন্ত। প্রথম সেটটি ৪-৬ গেমে হেরেই গিয়েছিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। পরের তিনটি সেট জিতেছেন ৬-২, ৭-৬ (৭/২) ও ৬-০ গেমে। প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন নিকোলাই ডেভিডেঙ্কোও। একটি ভবিষ্যদ্বাণীও করলেন তারপর—ফেদেরার-নাদাল রাজত্বের অবসান হতে যাচ্ছে! ২০০৫ সালের ফ্রেঞ্চ ওপেন থেকে গত বছরের উইম্বলডন পর্যন্ত ১৮টি গ্র্যান্ড স্লামের ১৭টিই জিতেছেন ফেদেরার বা নাদাল। আটটি ফাইনালে মুখোমুখি হয়েছেন দুজন। ডেভিডেঙ্কো কেন যেন দিনবদলের পূর্বাভাস পাচ্ছেন, ‘ফেদেরার-নাদাল, নাদাল-ফেদেরার—শুধু এমন আলোচনাই হয়। টেনিসে এই ব্যাপারটার পরিবর্তন হতে যাচ্ছে।’ এএফপি।