তারা নেভার দিনে জ্বললেন ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিক কারবার, অ্যান্ডি মারে
অ্যাঞ্জেলিক কারবার, অ্যান্ডি মারে

এর আগে ৪৮ বার গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ড পেরিয়ে উঠেছেন কোয়ার্টার ফাইনালে। কিন্তু কালকের মতো এভাবে উচ্ছ্বাসে কি কখনো ভেসেছেন রজার ফেদেরার? তবে কালকের এ ম্যাচটি যে ছিল অন্য রকম। এ ম্যাচই ইঙ্গিত দিল, প্রায় হারিয়ে যাওয়া ফেদেরার বোধ হয় ফিরে আসছেন অবশেষে! তবে ফেদেরারও নন, বর্তমানের দুই সেরা অ্যান্ডি মারে ও অ্যাঞ্জেলিক কারবারের ছিটকে পড়াটাই কালকের দিনের বিস্ময়।
দিনের মধ্যভাগে মিশা জভেরভের কাছে ৫-৭, ৭-৫, ২-৬ ও ৪-৬ গেমে হেরেছেন মারে। র্যা ঙ্কিংয়ের ৫০তম খেলোয়াড়ের আক্রমণাত্মক টেনিসের কাছেই হেরে গেছেন শীর্ষ বাছাই। দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ, কাল নিলেন মারে। গ্র্যান্ড স্লামে গত এক যুগ এমন কিছু দেখেনি। ২০০৪ ফ্রেঞ্চ ওপেনে সর্বশেষ দুই শীর্ষ বাছাইকে ছাড়া শুরু হয়েছিল ছেলেদের কোয়ার্টার ফাইনাল। 

রজার ফেদেরারের এমন উল্লাস একটু কমই দেখা যায়। কেই নিশিকোরিকে হারানোর পর l রয়টার্স
রজার ফেদেরারের এমন উল্লাস একটু কমই দেখা যায়। কেই নিশিকোরিকে হারানোর পর l রয়টার্স

অথচ এ ম্যাচের আগে জভেরেভ বলেছিলেন, মারেকে একটু বিরক্ত করাই হবে তাঁর সাফল্য। কোয়ার্টার ফাইনালে উঠেও তাই বিশ্বাস হচ্ছে না ২৯ বছর বয়সী জার্মানের, ‘সত্যি বলতে নিজেও জানি না কীভাবে করলাম!’
মারে তবু একটা সেট জিতেছেন। কিন্তু কোকো ভ্যানডেওয়ে বুঝতেই দেননি কোর্টের উল্টো দিকে আছেন কারবার। সরাসরি সেটে (৬-২, ৬-৩) উড়িয়ে দিয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন র্যা ঙ্কিং-সেরা খেলোয়াড়কে। মাত্র দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লাম এককের কোয়ার্টার ফাইনালে ওঠা ৩৫ নম্বর খেলোয়াড়ের প্রতিক্রিয়াটা ছিল খুব সাধারণ। একটু কাঁধ নাচিয়ে দুই হাত তুলে বোঝালেন, ‘এ আর এমন কী!’
তবে বাঁধ মানেনি ফেদেরারের আবেগ। প্রথম সেটে ৫-১ গেমে পিছিয়ে পড়েছিলেন পাঁচ নম্বর বাছাই নিশিকোরির কাছে। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েও সেট বাঁচাতে পারেননি। কিন্তু ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ম্যাচটা জিতেছেন ৬-৭ (৪/৭), ৬-৪, ৬-১, ৪-৬, ৬-৩ গেমে। কোয়ার্টার ফাইনালে ফেদেরারের মুখোমুখি জভেরেভ। তবে সেদিকে নয়, সবাই এখন অনেক দিন পর একটা ফেদেরার-নাদাল ফাইনাল দেখার অপেক্ষায়। অনেক দিন পর যে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন রাফায়েল নাদালও।
আজ চতুর্থ রাউন্ডে গায়েল মনফিলসের বিপক্ষে খেলবেন নাদাল। এ বাধা পেরোলেই আর মাত্র দুটি ম্যাচের অপেক্ষা! ফেদেরারও আর দুটি ম্যাচ পেরোলেই উঠবেন সেই স্বপ্নের ফাইনােল। সূত্র: গার্ডিয়ান।