তারা হয়ে জ্বললেন তাঁরাও
>গেইল, কোহলি, রুটদের মতো চেনা মুখরা তো আলো ছড়াচ্ছেনই। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়ে চমকেও দিয়েছেন অনেকে। অথচ তাঁদের কারও কারও এবার দলেই থাকার কথা ছিল না। আবার কেউ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন পাকেচক্রে। তাঁদের বেশির ভাগ প্রথমবারের মতো বড় আসরে খেলতে এসেই করেছেন বাজিমাত—

মুস্তাফিজ! মুস্তাফিজ!
চোটের জন্য সুপার টেনের প্রথম ম্যাচেও খেলতে পারেননি। কিন্তু এরপর প্রতিটি ম্যাচেই মুস্তাফিজুর রহমান প্রমাণ করেছেন বাংলাদেশ দলে তাঁর গুরুত্ব। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত দুটি বলে স্টিভ স্মিথ ও মিচেল মার্শকে আউট করে শুরু। ভারতের সঙ্গে পরের ম্যাচেও ফিরিয়ে দিলেন রোহিত ও জাদেজাকে। তবে মুস্তাফিজ নিজের প্রথম বৈশ্বিক আসরে তাঁর আসল জাদুটা দেখিয়েছেন নিউজিল্যান্ড ম্যাচে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিতীয়বারের মতো কেউ ম্যাচে ৫ উইকেট নিলেন। তিন ম্যাচে পেয়েছেন ৯ উইকেট, যা সুপার টেনে মিচেল স্যান্টনারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ।
চমকের নাম শেহজাদ
শুরুটা হয়েছিল প্রথম রাউন্ড দিয়ে। মোহাম্মদ শেহজাদ নামার পর অনেকেই নড়েচড়ে বসেছেন—এবার বোধ হয় কিছু একটা হবে! সেই ‘কিছু একটা’ অনেক ম্যাচেই হয়েছে, শেহজাদের ঝড় বারবারই দেখেছে এবারের আসর। শুরুটা হয়েছিল স্কটল্যান্ডের সঙ্গে ৩৯ বলে ৬১ রান করে। এরপর হংকংয়ের সঙ্গে ৪০ বলে ৪১, জিম্বাবুয়ের সঙ্গে ২৩ বলে ৪০—শেহজাদের কাঁধে চড়েই আফগানিস্তান প্রথমবারের মতো পা রাখে সুপার টেনে। দক্ষিণ আফ্রিকা সেখানেও দেখেছে তাঁর রুদ্ররূপ। শেহজাদের ১৯ বলে ৪৪ রানের ইনিংসের সময় দক্ষিণ আফ্রিকার ২১০ রান টপকানোও অসম্ভব মনে হচ্ছিল না।
খাজার টি-টোয়েন্টি পাঠ
টেস্ট ক্রিকেটারের তকমাটা এঁটে গিয়েছিল গায়ে। উসমান খাজার নামের সঙ্গে সেটা এখন থাকার কথা নয়। এই বিশ্বকাপেই প্রমাণ করে দিয়েছেন, টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিটাও তিনি ভালোই খেলতে পারেন। বাংলাদেশের সঙ্গে প্রথম ম্যাচে ৪৫ বলে ৫৮ রান দিয়ে শুরু। এরপর প্রতি ম্যাচেই হেসেছে তাঁর ব্যাট। নিউজিল্যান্ডের সঙ্গে ২৭ বলে ৩৮ ও পাকিস্তানের সঙ্গে ১৬ বলে ২১ রানের ইনিংস দুটিই বলে দিচ্ছে খাজা ‘ছোট’ ক্রিকেটের ভাষাতেও এখন তুখোড়। ভারতের সঙ্গে ১৬ বলে ২৬ রানের ইনিংসও অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দিয়েছিল।
বিস্ময়ের নাম স্যান্টনার
টি-টোয়েন্টিতে অভিষেক গত বছরের জুনে। প্রথমবার ভারতে এসেই বাজিমাত করে ফেলবেন, মিচেল স্যান্টনার নিজেও ভেবেছেন কি না সন্দেহ। বাঁহাতি স্পিনারের স্পিন বিষে সবচেয়ে নীল হয়েছে ভারতই, অলআউট হয়ে গেছে মাত্র ৭৯ রানেই। ওই ম্যাচে স্যান্টনার পেয়েছেন চার উইকেট। এরপর প্রতি ম্যাচে স্যান্টনারকে পড়তে জেরবার হয়েছেন ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার সঙ্গে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট, পাকিস্তানের সঙ্গে শুরুতে খাবি খেলেও পরে ফিরে এসেছেন দারুণভাবে। বাংলাদেশের সঙ্গেও ১৬ রানে নিয়েছেন ১ উইকেট।
ফ্লেচারের শূন্য স্থান পূরণ
ক্রিস গেইলের চোটে ওপেনিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন। শ্রীলঙ্কার সঙ্গে সেটাই দাঁড়াল শাপে বর হয়ে। বেঙ্গালুরুর স্পিন ট্র্যাকে আন্দ্রে ফ্লেচার খেললেন ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। শ্রীলঙ্কার ১২৩ রান তাড়া করতেই হিমশিম খেতে থাকা ওয়েস্ট ইন্ডিজও হাঁপ ছেড়ে বাঁচল তাঁর সৌজন্যে। টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ স্কোরটাও হয়ে গেল সেই সঙ্গে। এরপর অবশ্য সেভাবে আর ঝড় তোলার সুযোগ পাননি। সেমিফাইনালের জন্যই কি বাকিটা জমিয়ে রেখেছেন?
টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।