তারায় তারায় খচিত উদ্বোধনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষণ গণনার ঘড়িতে আর মাত্র একটা দিন। তার পরই শুরু হয়ে যাবে ২০১১ বিশ্বকাপ। ব্যাট-বলের লড়াই ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করবে কালই।ব্রায়ান অ্যাডামস-সোনু নিগমদের সঙ্গে বাংলাদেশের সাবিনা ইয়াসমীন-রুনা লায়লার মিষ্টি কণ্ঠ সুরের মূর্ছনা ছড়াবে দুই পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে। তবে ক্রিকেটের বিশ্বকাপ যেহেতু, অনুষ্ঠানটা সবচেয়ে বেশি আলোকিত হবে সম্ভবত বিশ্বকাপের ১৪ অধিনায়কসহ অন্য ক্রিকেট ব্যক্তিত্বদের উপস্থিতিতেই। বিশ্বকাপের ১৪ দলের অধিনায়ক উপস্থিত থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে, কিন্তু আজ দুপুরেই সব অধিনায়ক গণমাধ্যমের সামনে আসবেন। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান শারদ পাওয়ারসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা, আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও। বিসিবির একটি সূত্রে জানা গেছে, আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বিশ্বকাপের স্বাগতিক তিন দেশের রাষ্ট্র বা সরকারের প্রধানেরাও। তবে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে তাঁদের কেউ আসবেন কি না, সেটি নিশ্চিত করতে পারেননি কেউ।শারদ পাওয়ারসহ আইসিসির অনেক কর্মকর্তাই ঢাকায় চলে আসার কথা আজ। প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তান, ইংল্যান্ড ও কানাডা দল তো বাংলাদেশেই রয়েছে। কাল বেলা সাড়ে ১১টায় ভারত থেকে ভাড়া করা বিমানে ঢাকায় এসে পৌঁছাবে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। একই বিমানে আসবে আয়ারল্যান্ড দল এবং বাকি দলগুলোর অধিনায়কেরাও। ভারত ও আয়ারল্যান্ড বাংলাদেশে থেকে গেলেও অন্য দলের অধিনায়কেরা ঢাকা ছেড়ে যাবেন উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনই।বাংলাদেশে সবার আগে আসা কানাডা দল অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানটা না দেখেই বাংলাদেশ ছাড়বে বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। প্রস্তুতি ম্যাচ খেলতে আসা ইংল্যান্ড ও পাকিস্তান দল যাবে ১৯ ফেব্রুয়ারি। বিশ্বকাপের ম্যাচ খেলতে ইংল্যান্ড আবার বাংলাদেশে আসবে ৭ মার্চ। তবে ঢাকা নয়, সরাসরি চট্টগ্রামে চলে যাবে তারা তখন।আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপের শুভ উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।