তারায় তারায় মোহালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অফিসে টেলিফোন বাজছে। কেউ ধরছে না। রাস্তাঘাট ফাঁকা। জনমানুষের বিচরণ নেই। শেয়ারবাজারে লেনদেন আছে, তবে তা অন্য যেকোনো দিনের চেয়ে কম। ভারত-পাকিস্তান দুই দেশের গতকালের চিত্র। কাজবাজ ছেড়ে সবাই টেলিভিশনের সামনে। সবার চোখ ছিল মোহালিতে। কী করছে ধোনি-আফ্রিদিরা! প্রিয় দলটিকে মাঠে গিয়ে সমর্থন জানাতে না পারলেও দূর থেকে তাদের জন্য শুভকামনা ছিল এপারে শত কোটি আর ওপারে ১৭ কোটি মানুষের।কেউ কেউ তো বসকে মিথ্যা বলে অফিসেই যায়নি। প্রিয় দলের একটি বল, একটি রানও মিস না করা যাবে। মনিশ সাক্সেনা যেমন খেলা শুরুর আগে রসিকতা করে বলছিলেন, ‘আমি অসুস্থ হয়ে পড়ব। আবহাওয়াটা আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়।’ মুম্বাইয়ের একটি ডায়মন্ড রপ্তানিকারক প্রতিষ্ঠানে কাজ করেন ২৪ বছরের এই যুবক।চির প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে সেমিফাইনাল বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন। তিনি নিজেও মোহালি স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। পাশে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও। ক্রিকেট কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কত বড় সেতুবন্ধ!‘খেলোয়াড়দের সঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রীর করমর্দনের দৃশ্য আমার স্মৃতিতে গেঁথে থাকবে’—বলেছেন সফটওয়্যার প্রকৌশলী শ্যাম শঙ্কর। মাঠে বসে খেলা দেখেছেন নয়াদিল্লি থেকে আসা এই সমর্থক। স্বপ্নের এই ম্যাচের টিকিট যাঁরা পেয়েছেন, তাঁরা নিজেদের সৌভাগ্যবানই মনে করছেন। তাঁদেরই একজন দিব্যা পান্ডব। সফটওয়্যারের ওপর পড়াশোনাকারী এই শিক্ষার্থী বললেন, ‘আমি মনে করি, আমি খুবই ভাগ্যবান। এই ম্যাচের টিকিট পাওয়াটা মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে টিকিটের ছবি আপলোড করে আমি আমার সব বন্ধুকে দেখাতে চাই।’ ভারতে ছুটি ঘোষণা করা না হলেও অনেক প্রতিষ্ঠান অর্ধদিবস অফিস করতে বলেছে কর্মীদের। সান ফ্রান্সিসকোভিত্তিক ট্রাভেল গাইড কোম্পানির ভারতীয় শাখাগুলো দুপুরের পরই বন্ধ করে দেওয়া হয়। সন্তোষ মাঞ্জরেকার বলেন, ‘এটা একটা দুর্লভ ম্যাচ। তারা কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছে। এখন ব্যতিক্রম কিছু করতেই হয়।’ মুম্বাইয়ের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের এই মালিকও তাঁর অধীনস্থ কর্মীদের দুপুরের মধ্যেই ছুটি দিয়ে দেন। রাষ্ট্রনায়ক, সাধারণ মানুষের পাশাপাশি রুপালি জগতের তারকারাও এই ম্যাচ নিয়ে ছিলেন রোমাঞ্চিত। মোহালির ভিআইপি এনক্লোজারে বসে খেলা দেখেছেন বলিউড তারকা আমির খান, তাঁর স্ত্রী কিরণ রাও। মাঠে আরও ছিলেন বিবেক ওবেরয়, রাহুল বোস, প্রীতি জিনতা, দিনো মোরিয়া। ছিলেন পাঞ্জাবের জনপ্রিয় কণ্ঠশিল্পী দালের মেহেদিও। রাজনীতিবিদদের মধ্যে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধী মাঠে বসে খেলা দেখেছেন। আরও ছিলেন আইসিসি প্রেসিডেন্ট শারদ পাওয়ার, পাঞ্জাবের গভর্নর শিবরাজ পাতিল, মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, হরিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। ভারতীয় দর্শক, সমর্থকদের পাশাপাশি পাকিস্তানেরও কম ছিল না। তাদের মধ্যে অন্যতম পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। মাঠ মাতিয়েছেন টেন্ডুলকার, ওয়াহাবরা। গ্যালারি মাতিয়ে রাখেন রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শচীনভক্ত সুধীর চৌধুরীসহ সবাই। সম্ভবত আরেকটি সেরা ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব! ওয়েবসাইট।