তারুণ্য-তরীতে ম্যানইউর যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল স্কোলস, গ্যারি নেভিল ও রায়ান গিগস। ৩৬, ৩৬ ও ৩৭। প্রথম দুজন ফুটবলকে বিদায়ই জানিয়েছেন। তৃতীয়জন ম্যানচেস্টার ইউনাইটেডের অস্তগামী সূর্য। অঙ্কগুলো ক্রমানুসারে তাঁদের বয়স।স্কোলস-নেভিলদের বিদায় আর গিগসের মতো আরও অনেক ম্যানইউ তারকাই এখন বয়সের ভারে ন্যুব্জ। তাঁদের বিকল্প চাই। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করতে চেলসি তারকা খেলোয়াড়দের দিকে ঝুঁকেছে। লিভারপুল হারানো গৌরব ফিরে পেতে নতুন মৌসুমের আগে নিয়ে এসেছে অনেক তারকা। ম্যানচেস্টার সিটির আকাশও এবার তারকায় উজ্জ্বল।কিন্তু স্কোলস, নেভিল, গিগসদের শূন্যতা পূরণে ম্যানইউ কোচ বড় তারকার দিকে ছোটেননি। পাকা জহুরি হিসেবে পরিচিত স্যার অ্যালেক্স ফার্গুসন এ মৌসুমে ভরসা রাখছেন ভবিষ্যৎ তারকাদের দিকে। লিগ শিরোপা রক্ষা বা আরেকটা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের স্বপ্ন তরুণ সব খেলোয়াড়ের দিয়েই পূরণ হবে বলে বিশ্বাস তাঁর। ফিল জোন্স, ড্যানি ওয়েলবেক, ক্রিস স্মলিং ও টম ক্লেভারলি। ১৯, ২০, ২১ ও ২২ বছর বয়সী এই চার তরুণ ফার্গুসনের হাতের নতুন তাস। তাঁরাই এ মৌসুমে মাঠ কাঁপাবেন, ওয়েইন রুনি আর নানি-এভরাদের সঙ্গে জয় করবেন ইংল্যান্ড, জয় করবেন ইউরোপ—এমন স্বপ্ন দেখছেন ফার্গুসন। ম্যানইউর প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ, মৌসুম শুরুর ঘোষণা দিয়ে যাওয়া কমিউনিটি শিল্ড আর ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দুটি ম্যাচও জানান দিয়েছে তাই। এই ম্যাচগুলোয় জোন্স, ওয়েলবেক, স্মলিং ও ক্লেভারলিদের পারফরম্যান্সে ছিল প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে খেলবে ম্যানইউ। এই ম্যাচের আগে ম্যানইউর অন্যতম তরুণ তুর্কি জোন্স আর্সেনালকে দিয়েছেন হুঁশিয়ারি, চ্যাম্পিয়নদের আগুনে পুড়বে আর্সেনাল! এএফপি।