শ্রীলঙ্কায় পা রাখার পর থেকে আশার গানই গাইছিলেন। ভারতের বিপক্ষে নিজেদের সবচেয়ে কম স্কোর গড়ে লজ্জাজনকভাবে হারল দল। তিনি বললেন, ‘দৃষ্টি শিরোপায়’। সুপার এইটের প্রথম ম্যাচেই হার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাঁর আত্মবিশ্বাস কমে না, ‘শিরোপা ধরে রাখার সামর্থ্য আছে আমাদের।’ এটাই নিয়ম। শত বিপদেও দলকে আগলে রাখা আর উজ্জীবিত করার দায়িত্ব অধিনায়কের। কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পর তো আর খোলস পরার প্রয়োজন হয় না! টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর স্টুয়ার্ট ব্রড স্বীকার করলেন, ‘যথেষ্ট ভালো ছিলাম না আমরা।’শেষ চারে ওঠার সামর্থ্য ভালোই ছিল ব্রডদের। পরশুর প্রথম ম্যাচে নিউজিলান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জেতায় রানরেটের সমীকরণটা সহজ হয়ে যায় ইংল্যান্ডের জন্য। শ্রীলঙ্কাকে স্রেফ হারাতে পারলেই উঠে যেত সেমিফাইনালে। কিন্তু ১৯ রানে হেরে টুর্নামেন্ট শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। পাঁচ ম্যাচের তিনটিতেই হার। জয় কেবল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।অধিনায়ক ব্রড ব্যর্থতার দায় দিলেন দলের তারুণ্য আর অনভিজ্ঞতাকে, ‘যদি পুরো টুর্নামেন্টকে বিবেচনায় নিই, আমরা আসলে যথেষ্ট ভালো ছিলাম না। দলে অনেক তরুণ থাকলে যেটা হয়, কোনো কোনো দিন অসাধারণ পারফর্ম করে, কোনো দিন আবার একেবারেই গড়পড়তা। আমাদের ক্ষেত্রে সেটাও হয়েছে। প্রয়োজনের সময় সবাই একসঙ্গে জ্বলে উঠতে পারিনি।’তারুণ্যকে যখন দায় দিয়েছেন, সম্পূরক প্রশ্নও উঠেছে। তবে কি কেভিন পিটারসেনকে দলে না রাখার খেসারতই দিতে হলো ইংল্যান্ডকে! স্পিনে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত ইয়ান বেলকেই বা নেওয়া হয়নি কেন? ব্রড স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো মানতে চাইলেন না। ঢাল হলেন তরুণদেরই। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে আড়াল করতে চাইলেন বর্তমানকে, ‘এই দলটা এখনো শিখছে। প্রতিভার কোনো অভাব নেই দলে। ঘরোয়া ক্রিকেটে এই তরুণদের রেকর্ড দেখুন, সপ্তাহের পর সপ্তাহ এই তরুণেরা দারুণ সব পারফরম্যান্স দিয়ে এসেছে। কিন্তু ওরা এখনো খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। যত বেশি খেলবে, তত বেশি শিখবে। আর ততই উন্নতি হবে।’ব্রড যতই ভবিষ্যতে চোখ রাখুন, সময়টা এখন ইংলিশদের জন্য খুবই হতাশার। কদিন আগেই টেস্ট র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। এই টুর্নামেন্টে এসে হারাতে হয়েছে টি-টোয়েন্টির শীর্ষস্থানও। আর শিরোপাটা হাতছাড়া তো হলোই। এই হতাশামাখা সময়ে ভবিষ্যতের গান গাওয়া কি খুব বেশি সান্ত্বনা হতে পারে! ওয়েবসাইট।