তারুণ্যে অভিবাদন সাঙ্গাকারার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশিরের চ্যালেঞ্জের আগে আইডিয়া কাপে আরেকটা চ্যালেঞ্জের সামনেও পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে। একের পর এক ইনজুরিতে এই সিরিজে বলতে গেলে শ্রীলঙ্কার দ্বিতীয় দলটাই তো খেলল! কুমার সাঙ্গাকারার সবচেয়ে বড় তৃপ্তিও এখানেই। তারুণ্যনির্ভর এক দল নিয়ে বছরের প্রথম ট্রফি জয়—আজ দেশে ফেরার বিমানে হাসতে হাসতেই উঠবে দলটা।ম্যাচ শেষে দুই অধিনায়কই বলেছেন, ফাইনালে হেরে গেছে শিশির। আর শিশির না থাকা মানে তো লড়াইটা অনেক বেশি ক্রিকেটীয় শক্তিমত্তার! ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কে একজন তাই জানতে চাইলেন, শিশির ছিল না বলে শিরোপা জয়ের আনন্দটা বেশি মধুর কিনা। জবাবে শ্রীলঙ্কা অধিনায়ক মনে করিয়ে দিলেন, শিশিরের চেয়েও বড় লড়াইটা তাঁকে লড়তে হয়েছে নিজেদের সঙ্গে, ‘যেকোনো জয়ই মধুর। তবে এমন নয় যে আমাদের এই দলটাই সেরা দল। এখনো অনেক জায়গায়ই উন্নতি করার আছে। অনেক তরুণ খেলোয়াড় নিয়ে আমরা এই সাফল্য পেয়েছি। নতুনরা প্রমাণ করেছে, তারা এই পর্যায়ে খেলার সামর্থ্য রাখে।’কিন্তু তরণদের দলটা কী করে এত দ্রুত একটা ভালো ক্রিকেট দলও হয়ে উঠল? রহস্যের জট খুললেন সাঙ্গাকারা, ‘শ্রীলঙ্কায় আমাদের প্রতিদিনই দেখা হয়। সবাই কলম্বোর আশপাশে থাকে। সবাই একসঙ্গে খেলে, অনুশীলন করে। এটাই আমাদের দ্রুত একটা দল হয়ে উঠতে সাহায্য করেছে।’ফাইনালে তরুণদের পাশাপাশি আরও একজনের কথাও বলতে হলো সাঙ্গাকারাকে—মাহেলা জয়াবর্ধনে, ‘জয়াবর্ধনে বড় ম্যাচের খেলোয়াড়। বড় ম্যাচে সে নিয়মিতই পারফর্ম করে। আজও (গতকাল) সেটা দেখলাম আমরা।’ ৪৮ রানে ৪ উইকেট নিয়ে ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নুয়ান কুলাসেকারা, সাঙ্গাকারার চোখে যে কিনা ‘ব্যতিক্রমধর্মী’ এক বোলার, ‘আর সবার চাইতে একটু বেশিই পরিশ্রম করে সে। যখন যেটা করে, সামর্থ্যের পুরোটা দিয়েই করে, সেটা মাঠে এবং মাঠের বাইরেও।’সাঙ্গাকার মনে করেন, ভারতকে আরও ২০-৩০ রান কমে অলআউট করা উচিত ছিল তাদের। অন্যদিকে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলছেন, তাঁদের স্কোর বোর্ডে আরও ২০টা রান যোগ হতে পারত। ২০ রানের জন্য যেমন তাঁর আফসোস আছে, তেমনি ম্যাচে দারুণভাবে মিস করেছেন কুঁচকির ইনজুরিতে পড়া আশিষ নেহরাকে, ‘আজ (গতকাল) শিশিরের সমস্যা ছিল না। কুঁচকির ইনজুরির আশিষ নেহরার না খেলাটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ম্যাচে। ম্যাচটা এমনিতেও ৪৮ ওভার পর্যন্ত গেছে। আরও একজন ফাস্ট বোলার থাকলে শ্রীলঙ্কার জেতাটা হয়তো আরও কঠিন হতো।’ আইডিয়া কাপ জিততে না পারলেও ধোনির চিন্তাজুড়ে এখন শুধুই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ, র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখার তাড়না। যদিও কাল ম্যাচ শেষে বলেছেন, ‘র্যাঙ্কিং নিয়ে আমরা ভাবি না। টেস্ট খেলছি, এটাই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে প্রথম ম্যাচটার দিকেই তাকিয়ে আমরা। ভালো খেললে র্যাঙ্কিং এমনিতেই ভালো হবে।’