শুরুতেই কিছু পরিসংখ্যান দেওয়া যাক, যা নিশ্চিতভাবেই ভুলে থাকতে চাইবে ড্যারেন স্যামির দল। গত তিন বছরে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, কানাডা আর বাংলাদেশ ছাড়া আর কারও বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড তো আরও শোচনীয়। গত দশটা সিরিজেই হেরেছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সর্বশেষ সিরিজ জয় ১৭ বছর আগের ঘটনা! নিজেদের ভেন্যুতেই খেলা। তবু আজ শুরু ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ‘আন্ডারডগ’ হিসেবেই শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য স্বাগতিকদের জন্য একটা ইতিবাচক সংবাদও আছে। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসবোঝাই সূচির কারণে সিবি সিরিজ শেষ করেই ১২ ঘণ্টার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। টানা ক্রিকেটের মধ্যে থাকা ক্লান্ত অস্ট্রেলিয়ার জন্য সফরটা তাই পরীক্ষারও। পাঁচ ওয়ানডে ছাড়াও সাত সপ্তাহের সফরে দুটি টি-টোয়েন্টি আর তিনটি টেস্ট খেলবে দুই দল।মাইকেল ক্লার্কের চোটজনিত অনুপস্থিতিতে আরও একবার দলের নেতৃত্বভার কাঁধ পেতে নেওয়া শেন ওয়াটসন অবশ্য আশাবাদী, এই সফরে ভালোই খেলবে তাঁর দল, বিশেষ করে দলের তরুণেরা নিজেদের প্রমাণ করার জন্য উন্মুখ হয়ে আছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর একটা মুহূর্ত। ১২ মাস আগেও বলা হচ্ছিল, অস্ট্রেলিয়া দলের মধ্যে আগের সেই গভীরতা নেই। কিন্তু দ্রুতই সেই শূন্যতা পূরণ করে দিয়েছে তরুণেরা।’পিটার ফরেস্ট, নাথান লায়ন, ম্যাথু ওয়েডদের মতো তরুণদের জন্য এটা প্রথম ক্যারিবীয় সফর। নিশ্চয়ই তাঁরাও মুখিয়ে আছেন দারুণ কিছু করে দেখাতে। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য শুধু তরুণ নয়, অভিজ্ঞদের দিকেও তাকিয়ে। এএফপি।