তারুণ্যে আস্থা দলগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিপিএলেই নিজেকে চিনিয়েছিলেন মমিনুল হক। প্রথম শ্রেণীর ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে কিছুদিন আগেই জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে তাঁর উপস্থিতিটা মন্দ ছিল না। হয়ত এ কারণেই বিপিএলের দ্বিতীয় আসরের নিলামে মমিনুলকে নিয়ে রীতিমতো কাড়াকাড়িই হয়ে গেল। শেষ পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ডলারে সিলেট রয়্যালস কিনে নিয়েছে এই বামহাতি ব্যাটসম্যানকে। বিপিএলের এবারের আসরে-উদীয়মান প্রতিভাদের দারুণ চাহিদা। এনামুল হক, সোহাগ গাজীদের মতো নতুনেরা বিকিয়েছেন লাখো ডলারে। মমিনুলও অনুসরণ করলেন তাদের পদাঙ্ক। টেস্ট ক্রিকেটে দশ নম্বর স্থানে ব্যাট করতে নেমে শতবর্ষের ব্যাটিং রেকর্ড ভেঙে মোহনীয় সেঞ্চুরি হাঁকানো আবুল হাসানও কম যান না। ১ লাখ ২১ হাজার ডলারে তাঁর ওপর আস্থা রেখেছে দুরন্ত রাজশাহী। গতবার চিটাগং কিংসের হয়ে খেলা জহুরুল ইসলাম এবার ১ লাখ ১১ হাজার ডলারে খেলবেন দুরন্ত রাজশাহীর হয়ে।এছাড়াও ইলিয়াস সানিকে ১ লাখ ৬০০ ডলারে কিনেছে বরিশাল বার্নার্স। আরেক উদীয়মান বামহাতি স্পিনার আরাফাত সানি চিটাগং কিংসের কাছ থেকে পাচ্ছেন ১ লাখ ডলার।