তারুণ্যে আস্থা হজসনের

প্রথাগত কোচ হিসেবে রয় হজসনের একটু ‘বদনাম’ আছে। বরাবরই পরীক্ষিতদের ওপরেই আস্থা রেখেছেন ইংল্যান্ড কোচ। তবে ব্রাজিল বিশ্বকাপের জন্য ঝুঁকলেন তিনি তারুণ্যের দিকে। ২৩ জনের চূড়ান্ত দলে তাই জায়গা হয়নি মাইকেল ক্যারিক, অ্যাশলি কোলের মতো অভিজ্ঞদের।
এই দলের ২৫ শতাংশ খেলোয়াড়েরই পাঁচটি করেও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই—এই তথ্যই বলে ইংল্যান্ডের এই দল কতটা তরুণ। ১৮ বছর বয়সী লুক শ, ১৯ বছরের স্টার্লিং, ২০ বছরের বার্কলিরা ক্লাব দলের হয়ে যে ফর্ম দেখিয়েছেন, তাতে তাঁদের দলে না ডেকে পারেননি হজসন। কিন্তু বিশ্বকাপের মতো বড় আসরে এখনই এই তরুণদের নেওয়া কি ঠিক হয়েছে? হজসনের আত্মপক্ষ সমর্থন, ‘আমার মনে হয় দলের ভারসাম্যটা ঠিকই আছে। তারা নিজেদের সামর্থ্যের জোরেই আমার চিন্তা বদলে দিয়েছে। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের পর দল নির্বাচন করলে সেটা হয়তো এ রকম হতো না। ক্লাবের হয়ে ওরা প্রতি সপ্তাহে যেমন খেলছে, সেটা তো উপেক্ষা করা যায় না!’ অভিজ্ঞতার জন্য ল্যাম্পার্ড, জেরার্ড, রুনিরাই ইংল্যান্ড কোচের ভরসা।
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা যে দলে ‘স্বয়ংক্রিয় পছন্দ’ নন, সেটা কদিন আগেই বলেছিলেন হজসন। দলেও সেটিরই প্রতিফলন, অভিজ্ঞ ক্যারিক জায়গা না পেয়ে আছেন বিকল্প (স্ট্যান্ডবাই) হিসেবে। তবে চেলসি লেফটব্যাক অ্যাশলি কোলকে বাদ দেওয়াটাই ছিল হজসনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত, ‘অ্যাশলিকে বাদ দেওয়াটা কঠিন ছিল। ও যেভাবে সিদ্ধান্তকে স্বাগত জানাল তাতে আমি ওর কাছে কৃতজ্ঞ।’
পরের সপ্তাহেই চার দিনের একটা অনুশীলন ক্যাম্প করতে পর্তুগালে উড়ে যাওয়ার কথা হজসনের দলের। এরপর ৩০ মে ওয়েম্বলিতে পেরুর সঙ্গে প্রীতি ম্যাচ। ৪ জুন ইকুয়েডরের ও ৭ জুন হন্ডুরাসের সঙ্গে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ইংল্যান্ডের। এএফপি৷
ইংল্যান্ডের বিশ্বকাপ দল
গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রমউইচ), ফ্রেজার ফর্স্টার (সেল্টিক)৷
ডিফেন্ডার: লেটন বেইন্স (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), ফিল জাগিয়েলকা (এভারটন), গ্লেন জনসন (লিভারপুল), ফিল জোন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), লুক শ (সাউদাম্পটন), ক্রিস স্মলিং (ম্যানচেস্টার ইউনাইটেড)৷
মিডফিল্ডার: রস বার্কলি (এভারটন), স্টিভেন জেরার্ড (লিভারপুল), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লালানা (সাউদাম্পটন), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (চেলসি), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেইন (আর্সেনাল), রাহিম স্টার্লিং (লিভারপুল), জ্যাক উইলশেয়ার (আর্সেনাল)৷
ফরোয়ার্ড: রিকি ল্যাম্বার্ট (সাউদাম্পটন), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), ড্যানিয়েল ওয়েলবেক (ম্যানচেস্টার ইউনাইটেড)৷