তারুণ্যে উচ্ছ্বসিত হজসন
ইউরোর আগে ইংল্যান্ডের অবস্থা ছিল বেশ টালমাটাল। ইনজুরির কারণে হারাতে হয়েছে গ্যারি কাহিল, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও গ্যারেথ ব্যারির মতো তারকাদের। বহিষ্কারাদেশ পাওয়ায় ইউরোর প্রথম দুই ম্যাচে মাঠে নামতে পারেননি দলের তারকা স্ট্রাইকার ওয়েইন রুনিও। তার পরও ইংল্যান্ডের তরুণ ফুটবলাররা যেভাবে খেলেছেন, তাতে রীতিমতো মুগ্ধ প্রকাশ করেছেন কোচ রয় হজসন। বিশেষত, গতকাল সুইডেনের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইংল্যান্ড ৩-২ গোলের জয় পেয়েছে তিন তরুণ স্ট্রাইকারের দুর্দান্ত পারফরমেন্সের ওপর ভর করে। ম্যাচ শেষে তাই ইংল্যান্ডের এই তরুণ প্রজন্মের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ইংল্যান্ডের কোচ। অ্যান্ডি ক্যারোল, ড্যানি ওয়েলব্যাক ও থিও ওয়ালকটরাই ইংলিশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাবেন বলে বিশ্বাস হজসনের।গতকাল সুইডেনের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন থিও ওয়ালকট। এটাই ছিল তাঁর ইংল্যান্ডের পক্ষে বড় কোনো প্রতিযোগিতার প্রথম ম্যাচ। মাঠে নেমেই দুর্দান্তভাবে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। প্রথমে নিজে করেছিলেন সমতাসূচক গোলটি। পরে ড্যানি ওয়েলব্যাকের করা জয়সূচক গোলটির পেছনেও তাঁর প্রত্যক্ষ অবদান ছিল। ম্যাচ শেষে তাই হজসন প্রশংসায় ভাসিয়েছেন এই তরুণ তুর্কিদের। তিনি বলেছেন, ‘আজকের ম্যাচে দুই স্ট্রাইকারের পারফরমেন্সে আমি খুবই খুশি। আর থিও ওয়ালকট দুর্দান্ত খেলেছে। বদলি হিসেবে মাঠে নেমে একটা গোল ও পরে জয়সূচক গোলেও অবদান রাখা সত্যিই দারুণ ব্যাপার।’ইংল্যান্ডের এই দুই স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোল ও ড্যানি ওয়েলব্যাকের বয়স ২৫ বছরের কম। ক্যারোলের ২৩ ও ওয়েলব্যাকের ২১ বছর। তাঁদের মতো তরুণেরাই আগামী দিনে ইংলিশ ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন হজসন। তাঁর ভাষায়, ‘সব দলই জানে, একসময় পুরোনো প্রজন্মের জায়গায় নতুনদের আসতে হবে। এমন কিছু খেলোয়াড় আপনার সব সময়ই দরকার, যারা ওই জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।’ রয়টার্স