তারুণ্যে পরাস্ত অভিজ্ঞতা
২০০৬ সালে বিশ্বকে চমকে দিয়েছিলেন সে সময়ের ইংল্যান্ড কোচ সভেন গোরান এরিকসন। বিশ্বকাপ দলে নিয়েছিলেন ১৭ বছরের এক আনকোরা তরুণকে, অনেকেই চোখ কপালে তুলে বলছিলেন এই ওয়ালকটটা আবার কে? বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি, ইংল্যান্ডের হয়েও এরপর বলার মতো তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে ঠিক ছয় বছর পর ইংল্যান্ডের হয়ে খেলতে নেমে নিজেকে নতুন করে চেনালেন। থিও ওয়ালকটে সওয়ার হয়েই এখন ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্নে বিভোর। বদলি হিসেবে নেমে দারুণ একটি গোল করে ও আরেকটি বানিয়ে নিজের জাত চিনিয়েছেন আর্সেনাল উইঙ্গার। ইংল্যান্ডের প্রথম গোলটি করেছেন লিভারপুল স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল, তাঁর বয়সও ২৩। আর ২১ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের ড্যানি ওয়েলবেকের দুর্দান্ত গোলেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। টুর্নামেন্ট শুরুর আগে একেবারেই অনভিজ্ঞ এই আক্রমণভাগ দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তার ওপর মূল ভরসা ওয়েন রুনি না থাকায় এরা কতটুকু কী করতে পারবে, তা নিয়ে দ্বিধা হয়তো খোদ কোচ রয় হজসনেরই ছিল। কিন্তু রুনির অভাব মোটেই বুঝতে দেননি তাঁরা। সব শঙ্কা উড়িয়ে প্রমাণ করলেন, তীব্র জিগীষা আর অফুরান উদ্যম দিয়ে অভিজ্ঞতার অভাবও পুষিয়ে দেওয়া যায়। এই নবীনদেরই ইংল্যান্ডের প্রধান অস্ত্র মানছেন হজসন, ‘একটা প্রজন্ম বিদায় নিলে আরেকটা প্রজন্ম আসবেই। ওরাই পুরোনোদের ওপর চাপ প্রয়োগ করছে, এটা সব দলকেই মানতে হবে।’ ওয়ালকটরা ছাড়াও ইয়ং, চেম্বারলেইনের মতো উদীয়মানরাও দলে জায়গা করে নিতে লড়ছে। হজসনের এই দল তো ‘নতুন’ ইংল্যান্ড!ইংল্যান্ডের খেলোয়াড়দের গড় বয়স প্রায় ২৬, যেখানে সুইডেনের ২৮-এর বেশি। ইংল্যান্ডের তুলনায় এরিক হামরেনের দল তো ‘বুড়ো’ই। দলের সবচেয়ে বড় তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের বয়স ৩০ ছুঁই-ছুঁই, এটাই হয়তো তাঁর শেষ ইউরো। এখন পর্যন্ত নিজের ওপর খুব বেশি সুবিচার করতে পারেননি। প্রথম ম্যাচে গোল পেয়েও দল হারায় গোল উদ্যাপনটা করা হয়নি। পরশু এই বাঁচা-মরার ম্যাচে গোল করে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখবেন, এমন আশা তো ছিলই। দূরপাল্লার শটে একবার ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টকে কাঁপিয়ে দিলেও কাঙ্ক্ষিত গোলটা আর পাওয়া হলো না। শেষ পর্যন্ত পর্বতপ্রমাণ চাপের কাছে তিনি হার মানলেন, দলও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্য মুখ খোলেননি ইব্রা, শেষ ম্যাচে কি পারবেন কিছু করে দেখাতে? রয়টার্স, ওয়েবসাইট।