তারুণ্যে ভরসা আফ্রিদির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ জনের দলের ৮ জনেরই এটি প্রথম বিশ্বকাপ। ৩৫ বা তার চেয়ে কম ওয়ানডে খেলা অভিজ্ঞতা সাতজনের। আছেন বেশ কিছু ক্রিকেটার, আন্তর্জাতিক আঙিনায় যাঁদের খুব বেশি পরিচিতি নেই। এই অজানা তারুণ্যকেই দলের সবচেয়ে বড় শক্তি মানছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক স্বপ্ন দেখছেন, তারুণ্যের শক্তিতে অন্তত শেষ চারে যাবে তাঁর দল।গতকাল সন্ধ্যায়ই বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান। বিশ্বকাপে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায়, তবে বাংলাদেশে খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ (ঢাকা ও ফতুল্লায়)। ঢাকার উদ্দেশে লাহোর ছাড়ার আগে আফ্রিদি গেয়েছেন তারুণ্যের জয়গান ‘বেশ কিছুদিন ধরেই আমরা দলটাকে দাঁড় করানোর চেষ্টা করছি। এর সুফল এখন পাওয়া যাচ্ছে। অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আমাদের দলে এখন উমর আকমল, শেহজাদ, ওয়াহাবের মতো দারুণ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। আমার তো মনে হয় এই বিশ্বকাপের সবচেয়ে বিপজ্জনক দল আমরাই। এই দল নিয়ে আমাদের অন্তত সেমিফাইনাল খেলা উচিত এবং অবশ্যই আমরা ফাইনাল খেলতে ও জিততে চাই। তবে সেমি পর্যন্ত অন্তত যাওয়া উচিত।’গত বছরের গোড়ায় দুঃস্বপ্নের অস্ট্রেলিয়া সফরের পর ১৮ ওয়ানডের ১০টিতে হেরেছে পাকিস্তান, জিতেছে ৮টিতে। তবে বিতর্কজর্জরিত দলটি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরেছে কঠিন লড়াইয়ের পর। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে পেয়েছে প্রায় তিন বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। আফ্রিদির ধারণা, দলের সমন্বয় এখন দারুণ, ‘সব জায়গাতেই আমার অনেক বিকল্প এবং এটাই আমার সবচেয়ে ভালো লাগে। আমাদের ইউনুস ও মিসবাহর মতো ব্যাটসম্যান আছে, যাঁরা লম্বা ইনিংস খেলতে পারে। মিডল-অর্ডার ও লোয়ার-মিডল-অর্ডারে আছে ঝোড়ো ইনিংস খেলার মতো ব্যাটসম্যান। আছে উইকেট নেওয়ার মতো বোলার, সব মিলিয়ে দলের সমন্বয়ে আমি খুশি।’গত বছরজুড়ে অধিনায়ক থাকলেও আফ্রিদির বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া নিশ্চিত হযেছে সপ্তাহ খানেক আগে। হজম করতে হয়েছে অনেক সাবেক ক্রিকেটারের সমালোচনাও। তবে দেশ ছাড়ার আগে সাবেকদের একটা জবাবও দিয়েছেন, ‘কোনো কিছু না জেনেই টিভিতে অনেক সাবেক ক্রিকেটার আমার সমালোচনা করেছেন। তাঁদের জানা উচিত, গত বছর পাকিস্তানের সর্বোচ্চ রান ও সবচেয়ে বেশি উইকেট আমারই ছিল।’ গত বছর ৬০১ রান করেছিলেন আফ্রিদি, ১৮ ইনিংসে দুটি সেঞ্চুরি ছাড়াও নয়টি স্কোর ছিল ২৪ থেকে ৬৫ রানের মধ্যে। ব্যাট হাতে আফ্রিদির ক্যারিয়ারে এমন ধারাবাহিকতা খুব কমই এসেছে। সাবেকদের সমালোচনায় খেপে ওঠার তাই যথেষ্টই কারণ আছে তাঁর! ওয়েবসাইট।